আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১২:৫৫
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। দুই বছর আগে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আলোচনায় যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন এই সিনেমা। অবশেষে গতকাল প্রকাশ পেল আলফার টিজার। এতে বিধ্বংসীরূপে হাজির হয়ে চমকে দিলেন আলিয়া ভাট।
প্রায় দুই মিনিটের টিজার ভিডিও শুরু হয়েছে ‘ওয়ার টু’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যের পরবর্তী সময় থেকে। সেখানে দেখা যায়, ছোট্ট সীতার হাতে আলফা সংগঠনের প্রতীকী ট্যাটু করে দিচ্ছেন বাবা। সীতা চরিত্রে আলিয়া এবং তাঁর বাবার চরিত্রে আছেন ববি দেওল।
সীতার ১৮তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি রহস্যময় ঘরের চাবি তুলে দেয় তার বাবা। নির্দেশ দেয় তার প্রথম মিশনটি শেষ করার। জন্মদিনের রাতে এমন হিংস্র কাজের কথা শুনে সীতা থমকে গেলে, বাবা তাকে মনে করিয়ে দেয়, এই একটা দিনের জন্যই সে ছোটবেলা থেকে তাকে কঠিন প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে।