ছবি সংগৃহীত

কোরবানি বিষয়ক প্রশ্নোত্তর : পর্ব ১০ : শিং ভাঙ্গা গাভি দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কি না?

priyo.Islam
লেখক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৪, ০৮:১১
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৪, ০৮:১১

কোরবানি বিষয়ক প্রশ্নোত্তর : পর্ব ১০ : শিং ভাঙ্গা গাভি দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কি না? ১. প্রশ্ন: আমাদের গ্রামের এক ব্যক্তি কোরবানি করার জন্য ঈদের দুদিন আগে হাট থেকে একটি গাভি ক্রয় করে আনে। ঘটনাক্রমে বাড়ির আরেকটা গাভির সাথে ঐ গাভির লড়াই লেগে ক্রয়কৃত গাভির একটি শিং ভেঙ্গে যায়। প্রশ্ন হচ্ছে, এমন শিং ভাঙ্গা গাভি দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কি না? উত্তর: গাভিটির শিং যদি একেবারে গোড়া থেকে ভেঙ্গে যায়, যার দরুণ মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয়ে যায় তাহলে এ পশু দ্বারা কোরবানি সহীহ হবে না। পক্ষান্তরে শিং ভাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি জায়েয হবে। উল্লেখ্য যে, কোরবানিদাতা যদি গরিব হয় অর্থাৎ কোরবানি ওয়াজিব হওয়ার মতো নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে এ ত্রুটিপূর্ণ গাভিটিই সে কোরবানি করতে পারে। তার জন্য ভিন্ন পশু কোরবানি করার প্রয়োজন নেই। [মুসনাদে আহমদ ১/৯৫, হাদীস : ৭৩৪; জামে তিরমিযী ১/২৭৬, হাদীস : ১৫০৪; ইলাউস সুনান ১৭/২৩৭; রদ্দুল মুহতার ৬/৩২৩; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৭] ২. প্রশ্ন: এক ব্যক্তি কোরবানির পশু ক্রয়ের পর ১২ যিলহজ্বের মধ্যে তা কোরবানি করতে পারেনি। এখন তার কী করণীয়? আর কেউ যদি পশু ক্রয়ই না করে এবং কোরবানির সময় শেষ হয়ে যায় তখন তার কী করণীয়? উত্তর: কোরবানির পশু ক্রয়ের পর ১২ যিলহজ্বের মধ্যে কোরবানি করতে না পারলে ঐ পশু জীবিত সদকা করে দিবে। আর কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি সে কোরবানির পশু ক্রয় না করে এবং কোরবানিও না করে থাকে তাহলে এভাবে কোরবানির সময় শেষ হয়ে গেলে তার উপর কোরবানির যোগ্য একটি ছাগলের মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব। আর উভয় ব্যক্তি যথাসময়ে কোরবানি না করার কারণে তাওবা-ইস্তিগফার করবে। [ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪২৩; রদ্দুল মুহতার ৬/৩২১; তুহফাতুল ফুকাহা ৩/৮৩; বাদায়েউস সানায়ে ৪/২০২] ৩. প্রশ্ন : কোরবানির পশুর কান বা লেজ কী পরিমাণ না থাকলে বা কাটা থাকলে এর দ্বারা কোরবানি সহীহ হয় না? উত্তর : কোরবানির পশুর কান বা লেজ অর্ধেক বা এরচেয়ে বেশি না থাকলে এর দ্বারা কোরবানি করা সহীহ নয়। যদি অর্ধেকের চেয়ে বেশি অংশ থাকে তাহলে এর দ্বারা কোরবানি করা সহীহ হবে। [শরহু মাআনিল আছার ২/২৭১; কিতাবুল আসল ২/৪৯৪; শরহু মুখতাসারিত তাহাবী ৭/৩৫৫; ইলাউস সুনান ১৭/২৪০] গ্রন্থনা ও সম্পাদনা : মাওলানা মিরাজ রহমান কৃতজ্ঞতায় : মাসিক আল-কাউসার