ছবি সংগৃহীত
এয়ারটেল নিয়ে গ্রাহকদের যত অভিযোগ
আপডেট: ১৬ মে ২০১৪, ১৫:১২
(প্রিয় টেক) এয়ারটেল নিয়ে গ্রাহকদের যেন অভিযোগের কোন শেষ নেই। নিম্নমানের গ্রাহকসেবা, কোন কারণ ছাড়াই টাকা কেটে নেওয়া, স্বয়ংক্রিয়ভাবে প্যাকেজ পরিবর্তনসহ আরও অনেক অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। গ্রাহকরা এয়ারটেলের ফেসবুক পেজে বিষয়গুলো তুলে ধরলেও কর্তৃপক্ষ সেগুলোও মুছে ফেলছেন বলে জানিয়েছেন কতিপয় ভুক্তভোগী গ্রাহক। রিয়াদ নামক তেজগাঁও কলেজের একজন ছাত্র জানান, গত ২২ এপ্রিল তার মোবাইল থেকে হঠাৎ করেই ২৩ টাকা কেটে নেওয়া হয়। তিনি তার ইনবক্স চেক করে দেখলেন ৪০৪০ নাম্বার থেকে একটি মেসেজ পেয়েছেন। যেখানে বলা হয়েছে, ‘এয়ারটেল রেডিও সফলভাবে সাবস্ক্রাইব করেছেন, আপনাকে ধন্যবাদ।’ তারপর তিনি গ্রাহকসেবা কেন্দ্রে ফোন করে কারণ জিজ্ঞাসা করলে তাকে জানানো হয়, তিনি বিকাল ৩ টা ৫৭ মিনিটে এয়ারটেল রেডিও সাবস্ক্রিপশনের অনুরোধ পাঠিয়েছিলেন। কিন্তু তিনি জানান, তিনি দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত পরীক্ষার হলে ছিলেন। তারপর তার সাবস্ক্রিপশনটি বন্ধ করে দেওয়া হলেও ২৩ টাকা আর ফেরত পেলেন না। মহিবুল হাসান নামক চাঁদপুরের একজন এয়ারটেলের ফেসবুক পেজে লিখেছেন, " ভাই, আপনাদের সার্ভিস দেখে আমি পুরাই হতাশ। আমার নাম্বারে কতগুলো প্রোগ্রাম বহুদিন ধরে চালু আছে। ফোনে টাকা ঢুকাইলেই ডাকাতের মত কতগুলা এসএমএস আইসা টাকা কাইটা নিয়া যায়। চাঁদপুর সদর কাস্টমার কেয়ারে গিয়েও এর সমাধান পাইনি।" বিভিন্ন প্যাকেজ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। রুবেল হোসেন নামক একজন গ্রাহক জানান, তিনি তাঁর জরুরী প্রয়োজনে ১০ এমবির একটি ইন্টারনেট প্যাকেজ চালু করেন। তাঁর পরদিন তাকে দুইবার অটো রিনিউ মেসেজ পাঠানো হয় এবং দুইবারই টাকা কেটে নেওয়া হয়। তাঁর প্রশ্ন হল, একই দিনে কিভাবে দুইবার অটো রিনিউ হয়? সম্প্রতি এয়ারটেল ৩০০ এমবি ইন্টারনেট এবং ৩০০ মিনিট বোনাসের একটি প্যাকেজ ঘোষণা করেছে। অনেক গ্রাহক অফারটি বেশ আকর্ষণীয় বলে ১২ টাকা রিচার্জ করে অফারটি গ্রহন করেছেন। কিন্তু সমস্যা হল তাদের অ্যাকাউন্টে ৩০০ এমবি এবং ৩০০ মিনিট বোনাস দেখালেও সেখান থেকে না কেটে টাকা কেটে নেওয়া হচ্ছে। পরে ৭৮৬ নাম্বারে ফোন করলে বলা হচ্ছে, প্রতি ৫ মিনিট কথা বললে ৫ মিনিট এবং ৫ এমবি বোনাস পাওয়া যাবে। এ নিয়ে অনেক গ্রাহক এয়ারটেলকে গালাগাল দিতেও ভুলছেন না। বন্ধ সিমের অফার নিয়েও চলছে এক ধরনের প্রতারণা। বন্ধ সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে ২ জিবি ইন্টারনেট। এই অফার দেখে অনেক গ্রাহক ১৯ টাকা রিচার্জ করলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ২ জিবি বোনাস। রাকিব নামক একজন গ্রাহক এই ব্যাপারে ৭৮৬ নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করলে এয়ারটেলের পক্ষ থেকে তাকে বলা হয়, " আপনি এর আগে বন্ধ সিমের অফার গ্রহন করে ২০০ এমবি বোনাস পেয়েছেন। তাই আপনি ২ জিবি বোনাস পাবেন না।" রাকিবের প্রশ্ন, "তাহলে ৯০০০ নাম্বার থেকে আমাকে মেসেজ দিয়ে কেন বলা হল যে আমার বন্ধ সিমে ১৯ টাকা রিচার্জ করলে ২ জিবি পাওয়া যাবে?" এয়ারটেলের গ্রাহক সেবা কেন্দ্র নিয়েও রয়েছে নানা অভিযোগ। মুন্নি নামের একজন গ্রাহক এয়ারটেলের ফেসবুক পেজে লিখেছেন, " ৭৮৬ এ ফোন করলে কাস্টমার অফিসাররা রাফভাবে কথা বলে। তাদের কথায় কোন মিষ্টতা নেই। তাই তাদের আরও গ্রুমিং করানো দরকার যাতে করে তাঁরা মিষ্টিভাবে কথা বলে।"