ক্রিকেটার আরাফাত সানি ও তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা। ছবি: সংগৃহীত
সুইসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে ক্রিকেটার সানির সেই কথিত স্ত্রী!
আপডেট: ২৬ আগস্ট ২০১৭, ১৭:৫৯
(প্রিয়.কম) বৃহস্পতিবার রাতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির কথিত স্ত্রী নাসরিন সুলতানা। তার আগে তিনি সুইসাইড নোট লিখে রেখেছেন বলে জানা গেছে। নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বোন শারমিন সুলতানা জানান, বৃহস্পতিবার রাতে সানির সঙ্গে বাকবিতণ্ডা হয় নাসরিনের। পরে তিনি রাগ করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতেই তাকে দ্রুত রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে নাসরিন সুলতানাকে। ছবি: সংগৃহীত
নাসরিন ট্রিপটিন জাতীয় কিছু খেয়ে থাকতে পারেন ধারণা প্রকাশ করে চিকিৎসকরা বলেন, তার পাকস্থলি ওয়াশ করার পর খুব বেশি কিছু পাওয়া যায়নি। বর্তমানে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
নাসরিন সুলতানার সুইসাইড নোটে লেখা ছিল- 'আল্লাহর ওয়াস্তে দু’হাত জোড় করে তোমাদের অনুরোধ করছি, দয়া করে আমাকে হাসপাতালে নিও না। আল্লাহর দোহাই লাগে। দয়া করে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিয়েছ। মরার পর মাটি দিয়ে দিও, তবে হাসপাতালে নিও না প্লিজ। আমার আজকের অবস্থার জন্য সানি দায়ী। আল্লাহ যেন তার বিচার করেন। আমার মৃত্যুর জন্য সানি দায়ী।'

নাসরিন সুলতানার সুইসাইড নোট। ছবি: সংগৃহীত
চলতি বছরের জানুয়ারিতে নাসরিন সুলতানা নামে এক নারীর করা মামলায় প্রথমে গ্রেফতার ও পরে রিমান্ডে নেয়া হয় বাংলাদেশের ক্রিকেটার আরাফাত সানির। নাসরিনের দাবি, তিনি সানির বিবাহিত স্ত্রী। তবে গত বৃহস্পতিবার অবশ্য আদালতের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাসরিনের সাথে সানির বিয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তদন্তক মিটির দেওয়া সেই প্রতিবেদনে বলা হয়েছে, সানির সঙ্গে মামলার বাদীর যে বিবাহ ও কাবিন দেখানো হয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। সানি ও নাসরিনের রেস্তোরাঁয় বিয়ে হয়েছে বলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া সানির মা নার্গিস সুলতানা মামলার বাদীকে মারধর করেছেন বলে যে অভিযোগ আছে, তারও কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরে জানুয়ারির ৫ তারিখে সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে প্রথম মামলা করেন নাসরিন। মামলায় বলা হয়, সানি তার ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়েছে। ২২ জানুয়ারি সানিকে তার আমিন বাজারের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। নিজেকে সানির স্ত্রী দাবি করে সানি ও সানির মাকে আসামি করে এরপর যৌতুক নিরোধ আইন এবং নারী নির্যাতন আইনে আরও দুটি মামলা করেন নাসরিন। পরে সানিকে অস্থায়ী জামিন দেওয়া হয়।
প্রিয় স্পোর্টস/শান্ত