ছবি ও রেসিপি কৃতজ্ঞতা: মুক্তি আফরোজ

টুকটুকে রাঙা জলপাইয়ের জেলি (রেসিপি ও ভিডিও)

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৭, ১৬:২৭
আপডেট: ২৯ নভেম্বর ২০১৭, ১৬:২৭

(প্রিয়.কম) উজ্জ্বল লাল রঙের জ্যাম বা জেলি, সকালের নাশতায় দেখলে বাচ্চারা খুবই আগ্রহ করে খায়। কিন্তু দোকান থেকে কেনা এই জেলিতে ক্ষতিকর রঙ বা প্রিজার্ভেটিভ দেওয়া আছে কিনা তা কে জানে! আপনি নিজেও কিন্তু বাড়িতেই এমন রঙ্গিন জেলি তৈরি করতে পারবেন কোনো ফুড কালার ছাড়াই। বিশ্বাস হচ্ছে না তো? চলুন দেখে নিই বাজারে ওঠা টাটকা জলপাই দিয়ে জেলি তৈরির প্রণালীটি।

উপকরণ

-   আধা কেজি জলপাই

-   আধা কেজি চিনি

-   ১ কেজি পানি

-   ১ টেবিল চামচ লেবুর রস

-   ১ টেবিল চামচ ভিনেগার

-   ১ চা চামচ লবণ

জেলি

প্রণালী

১) জলপাই ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে পানি দিয়ে জলপাই ভিজিয়ে নিন এবং এতে এক চা চামচ লবণ দিন। লবণপানিতে জলপাই ডুবিয়ে রাখুন ২ ঘন্টা। এতে জলপাইয়ের কষ এবং টক দুটোই কমে আসবে।

২) এরপর এই পানি সহ জলপাই ভালোভাবে সেদ্ধ করে নিন। জলপাই সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে এলে পানিটা ছেঁকে নিন। এই পানিটুকু দিয়েই জেলি তৈরি হবে।

৩) অন্য একটি পাত্রে মেজারিং কাপে মেপে মেপে পানিটা নিন। যতটা পানি হবে ঠিক ততটুকু চিনি যোগ করে জ্বাল দিন। জ্বাল দিতে দিতে সুন্দর লালচে রঙ চলে আসবে, তখন এতে লেবুর রস এবং ভিনেগার দিন। আরো কিছুক্ষণ জ্বাল দিন। জেলি হয়েছে কিনা তা দেখার জন্য একটু উঠিয়ে নিন একটা প্লেটে। যদি দেখেন কয়েক সেকেন্ডের মাঝেই তা জমে যাচ্ছে তাহলে বুঝতে হবে জেলি তৈরি। এবারে চুলার আঁচ বন্ধ করে দিন।

রুম টেম্পারেচারে কাঁচের জারে রেখে এটাকে সেট করে নিন। এরপর তা উপভোগ করুন ইচ্ছেমত। সাধারণ ফ্রিজে রেখে ২-৩ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে জলপাইয়ের এই জেলি।

দেখে নিতে পারেন রেসিপির ভিডিও-