ঘরে তৈরি সসেজে পছন্দের ফ্লেভার যোগ করা সম্ভব। ছবি: ফাতেমা তুজ জোহরা

মেশিন ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যসম্মত চিকেন সসেজ

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৮, ১৪:৫৩
আপডেট: ০৯ এপ্রিল ২০১৮, ১৪:৫৩

(প্রিয়.কম) চিকেন সসেজ বাচ্চাদের কাছে জনপ্রিয় একটি খাবার। ভেজে খাওয়া যায়, এই সসেজ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হটডগ। স্লাইস করে কেটে নুডুলস বা স্যুপে দিলেও দারুণ লাগে খেতে। সবার প্রিয় এই খাবারটি বাজার থেকে কেনা ছাড়া উপায় নেই। যদিও বাজার থেকে কেনা সসেজে কেবল মুরগীর মাংস থাকে না, চামড়া ও নাড়ি-ভুঁড়িসহ মুরগীর সমস্ত অংশই পেস্ট করে দিয়ে দেয় কিছু অসাধু কোম্পানি। আর তাই, নিজের ঘরে ভালো মানের কিমা দিয়ে সসেজ তৈরি করে নেওয়াটাই সবচাইতে স্বাস্থ্যসম্মত।

ভাবছেন খুব কঠিন কাজ সসেজ তৈরি? একদম নয়। বরং খুব সহজে মাত্র ৪০-৫০ মিনিট সময়ে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু সসেজ। উপকরণও লাগবে খুবই কম। ফ্রিজে রেখে খেতে পারবেন অনেকদিন। হাতে ঘরোয়া পদ্ধতিতে সসেজ তৈরির রেসিপিটি জানাচ্ছেন ফাতেমা তুজ জোহরা।

যা যা লাগবে
চিকেন মিহি কিমা - ২০০ গ্রাম 
আদা বাটা - ১/২ চা চামচ 
রসুন বাটা - ১/২ চা চামচ 
টমেটো সস - ১.৫ টেবিল চামচ 
গোল মরিচ গুঁড়ো (কালো) - ১/২ চা চামচ 
গোল মরিচ গুঁড়ো (সাদা) - ১/৪ চা চামচ 
পাপরিকা - ১/২ চা চামচ 
ফেটানো ডিম - ১ টেবিল চামচ 
চিলি ফ্লেকস - ১/২ চা চামচ 
লবণ - ১/৪ চা চামচ বা পরিমাণমতো 
ময়দা- ১ টেবিল চামচের একটু কম

যেভাবে করবেন 
-একটি বাটিতে চিকেন মিহি কিমা ও বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। 
-মাখানো হয়ে গেলে পাতলা প্লাস্টিকের পেপার (ক্লিন ফ্লিম বলে) বিছিয়ে তাতে চিকেন এর মিশ্রন লম্বাভাবে বিছিয়ে নিতে হবে। 
-পেপারসহ মুড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভেতরে বাতাস না থাকে। থাকলে একটা কাঠি দিয়ে ছিদ্র করে বাতাস বের করে ফেলে তারপর মোড়াতে হবে। 
-একবার মোড়ানো হয়ে গেলে সসেজগুলোকে আর একবার একই ভাবে ক্লিন ফ্লিম দিয়ে মুড়িয়ে নিতে হবে। এবার ছিদ্র করার দরকার নেই। এতে শেপ সুন্দর থাকবে। দুপাশ ধরে শক্ত করে মোড়াতে হবে চকলেট মোড়ানোর মত করে। যত শক্ত হবে, তত ভালো। 
-এবার দুপাশে শক্ত করে গিট দিয়ে দিতে হবে। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। ২০০ গ্রাম কিমাতে দোকানের সাইজের ৮ টা সসেজ হবে। 
-একটা সসপ্যানে পানি দিয়ে চুলায় বসাতে হবে। পানিতে বলক এলে ফুটন্ত পানিতে একটা একটা করে সবগুলো সসেজ দিয়ে মাঝারি আচে ২০-২৫ মিনিট সেদ্ধ করতে হবে। 
-২০-২৫ মিনিট পর তুলে ঠান্ডা পানিতে ছেড়ে দিতে হবে। 
-ঠান্ডা হলে গিঁট এর একপাশ কেটে অপরপাশে চাপ দিলেই সসেজ বের হয়ে আসবে।

ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে ঘরে তৈরি মজাদার সসেজ।

প্রিয় লাইফ/গোরা