জনপ্রিয় একটি ট্রেন্ড হয়ে উঠেছে শিট মাস্ক।

শিট মাস্ক ত্বকের জন্য আসলে কতটা উপকারী?

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৪০
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৪০

(প্রিয়.কম) নতুন নতুন বিউটি ট্রেন্ড আসে প্রতি বছরই। জনপ্রিয় একটি ট্রেন্ড হয়ে উঠেছে শিট মাস্ক। এগুলো হলো এমন এক ধরণের পাতলা কাগজের মাস্ক যাতে ত্বকের জন্য উপকারী তরল দেওয়া থাকে, সাধারণ মাস্কের মতো ত্বকে ব্রাশ বা আঙ্গুলে করে মাখার ঝামেলা নেই। মূলত ত্বক আর্দ্র রাখতে ও ফোলাভাব কমাতে অনেকে এসব মাস্ক ব্যবহার করেন।  কিন্তু এগুলো আসলেই খুব উপকারি কিনা, তা নিয়ে মতপার্থক্য দেখা যায়। আবার কিছু মাস্ক খুব সস্তায় পাওয়া গেলেও কিছু মাস্ক অনেক দামী। কী করে বুঝবেন শিট মাস্ক আসলে কাজের কীনা, আর আপনার ত্বকের জন্য কোনটি উপকারী?

১) শিট মাস্ক ত্বকের কী উপকারে আসে?

শিট মাস্ক ভালো নাকি টপিক্যাল সিরাম, কোনটা উপকারী? গবেষণায় দেখা যায় দুইটিই নিজ নিজ কাজে উপকারী।  তবে শিট মাস্ককে একেবারে অকেজো বলে উড়িয়েও দেওয়া যায় না।  কারণ সিরামে যেসব উপাদান থাকে, শিট মাস্কেও অনেক সময়ে সেসব উপাদান থাকে, এমনকি আরও বেশি পরিমাণে। ১০-২০ মিনিট ত্বকে এই মাস্ক দিয়ে রাখতে হয় বলে এসব উপাদান ত্বকের উপকার করতে পারে ভালোভাবে।

২) দামী শিট মাস্ক ভালো নাকি কমদামী?

উপাদান ও ব্র্যান্ডের ওপর নির্ভর করে ১০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত হতে পারে একটি শিট মাস্কের দাম। মাত্র একবার ব্যবহার করা যাবে বলে এর পেছনে বেশি খরচ করতে চান না কেউই।  তবে এতে হায়ালুরনিক এসিড, নায়াসিনামাইড, রেসভারেট্রল থাকলে দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। এছাড়া উন্নতমানের কাঁচামাল দিয়ে তৈরি মাস্কের দামটাও বেশি হতে পারে।  আপনি কোনটা ব্যবহার করবেন? যেটায় থাকা উপাদান আপনার কাজে আসবে এবং মাস্কটা ব্যবহার সহজ হবে, সেটাই বেছে নিন।

৩) কীভাবে ব্যবহার করবেন?

ময়েশ্চারাইজার, টোনার, ক্লিনজার ব্যবহারের লম্বা প্রক্রিয়ার চাইতে শিট মাস্ক মুখে দিয়ে শুয়ে থাকাটা অনেকের কাছেই আরামদায়ক মনে হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা দাবি করেন, ত্বকের দৈনন্দিন যত্নের বদলে নয়, বরং এক্সট্রা যত্ন হিসেবে শিট মাস্ক ব্যবহার করা যেতে পারে। যেমন বড় কোনো অনুষ্ঠানের আগে বা পরে এই মাস্ক ব্যবহার করলে ত্বক একটু বেশি উপকার পায়।  শিট মাস্ক মাঝে মাঝে ব্যবহার করলেই ত্বক ভালো থাকবে। আবার দৈনিক ব্যবহার না করার কারণে খরচটাও কম হবে।

৪) শুষ্ক ত্বকের জন্য শিট মাস্ক

শুষ্ক, রুক্ষ ত্বকের জন্য এমন শিট মাস্ক ব্যবহার করুন যাতে রয়েছে হায়ালুরনিক এসিড, গ্লিসারিন, সেরামাইডস অথবা পেপটাইডস।

৫) সেনসিটিভ স্কিনের জন্য শিট মাস্ক

ফেশিয়াল বা লেজারের পর ত্বক লালচে হয়ে থাকা বা চুলকানি হওয়া কমাতে শিট মাস্ক ব্যবহার করা যায়। এর জন্য ব্যবহার করতে হবে এমন শিট মাস্ক যার উপাদান ক্যামোমাইল, রেসভেরাট্রল, পলিফেনল, নায়াসিনামাইড বা সরবিটল।  এগুলো ব্যবহারের আগে ফ্রিজে রেখে দিলে ত্বকের উপশম হবে বেশি।

৬) তৈলাক্ত ত্বকের জন্য শিট মাস্ক

ত্বক তেলতেলে হয়ে আছে বা ত্বকের পোর বেশি দেখা যাচ্ছে, এমন ক্ষেত্রে এক্সফলিয়েটিং মাস্ক ব্যবহার করুন। যেমন যেসব শিট মাস্কে রয়েছে স্যালিসাইলিক এসিড, আলফা হাইড্রকি এসিড, বেনটনাইট ক্লে, চারকোল, জিঙ্ক বা সেজ।

৭) নিষ্প্রাণ ত্বকের জন্য শিট মাস্ক

ত্বকে ক্লান্তির ছাপ পড়ে গেছে? মলিন হয়ে উঠেছে ত্বক? ব্যবহার করুন ভিটামিন সি বা নায়াসিনামাইডযুক্ত শিট মাস্ক।

তবে যে ধরনের শিট মাস্কই ব্যবহার করুন না কেন, তা ব্যবহারের পর ত্বকে ময়েশ্চারাইজার দিতে ভুলবেন না।

সূত্র: পপসুগার

প্রিয় লাইফ/ আর বি