হীরা এবং স্বর্ণ। ছবি: সংগৃহীত

কোনটি বেশি দুর্লভ, স্বর্ণ নাকি হীরা?

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৮, ১৪:৫৯
আপডেট: ৩০ আগস্ট ২০১৮, ১৪:৫৯

(প্রিয়.কম) মূল্যবান সম্পদ হিসেবে হীরা এবং স্বর্ণ দুটোই আমাদের পরিচিত। কিন্তু কোনটি বেশি দুর্লভ? যেটা বেশি দুর্লভ সেটারই কি দাম বেশি? বিশেষজ্ঞরা বলছেন, এর উত্তর খুব একটা সহজ নয়।

স্বর্ণ ধাতুটি বেশ দুর্লভ। তা তৈরি হয় নিউট্রন স্টার ধরনের জ্যোতিষ্কের বিস্ফোরণ থেকে, জানিয়েছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যাপক উলরিখ ফাওল। পৃথিবী যখন তৈরি হচ্ছিল, তখন স্বর্ণ ও অন্যান্য ভারী ধাতুগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। এ কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে স্বর্ণ খুঁজে পাওয়া শক্ত। স্বর্ণের খনিও এ কারণে দুর্লভ।

অন্যদিকে, উচ্চ চাপে কার্বন থেকে তৈরি হয় হীরা। কার্বন এমন একটি মৌল যা সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের পেন্সিল তৈরি হয় যে গ্রাফাইট দিয়ে, সেটা পক্ষান্তরে হীরার আরেক রূপ। স্বর্ণের তুলনায় ভূপৃষ্ঠে কার্বনের পরিমাণ কয়েক বিলিয়ন-গুণ বেশি। তার মানে প্রকৃতিতে প্রচুর পরিমাণে হীরা থাকার কথা। কিন্তু আসলেই কী তাই?

না, আসলে কার্বন থেকে হীরা তৈরি হবার পদ্ধতিটি বেশ লম্বা। হীরা তৈরি হয় শুধুমাত্র পৃথিবীর ‘ম্যান্টল’ নামের একটি স্তরে। এটা ভূপৃষ্ঠের কাছাকাছি নয়, বরং কেন্দ্রের কাছাকাছি একটি স্তর। এখানে হীরা তৈরি হবার পর তা কোনোভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি আসতে পারলে তখনই তা মানুষ সংগ্রহ করতে পারে। লাভার স্রোত অথবা পাথরের চাপে হীরা ম্যান্টল থেকে ওপরের দিকে উঠে আসে। কিন্তু অনেক সময়ে এ প্রক্রিয়ায় ওপরের দিকে আসার সময়ে হীরা আবার গ্রাফাইটে রূপান্তরিত হয়ে যায়।

পৃথিবীর গভীরে হীরা তৈরি হবার প্রক্রিয়াটি এমন- ভূপৃষ্ঠ থেকে অন্তত ৯৩ মাইল নিচে থাকা কার্বন প্রায় ১,২০৪ ডিগ্রি সেলসিয়াস তাপে এবং পাঁচ বিলিয়ন প্যাস্কেল চাপে কার্বন থেকে হীরা তৈরি হয়। এরপর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তা ওপরের দিকে চলে আসে। এ প্রক্রিয়ায় তৈরি হীরা স্বর্ণের চেয়েও দুর্লভ।

এটা জেনে রাখা জরুরি যে গবেষকরা সঠিক চাপ ও তাপের পরিস্থিতি ল্যাবরেটরিতে তৈরি করে সেখানেই গ্রাফাইট থেকে হীরা তৈরি করতে পারেন। এসব হীরা হলো সিন্থেটিক ডায়ামন্ড এবং হুবহু প্রাকৃতিক হীরার মতো হলেও তার দাম ৩০ শতাংশ কম হয়। কিন্তু স্বর্ণ মোটেই ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। তাই এদিক দিয়ে ধরে নেওয়া যায় আসলে হীরার তুলনায় স্বর্ণই বেশি দুর্লভ। তা সত্ত্বেও কেন স্বর্ণের দাম হীরার চেয়ে কম? মূলত তা বাজারজাতকরণের কৌশলেই দামটি বেশি হয়।

সূত্র: লাইভ সায়েন্স

প্রিয় লাইফ/আশরাফ