ছবি: সুমনা সুমি

যেভাবে রাঁধলে পাঙ্গাস মাছে গন্ধ হবে না একটুও!

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৮, ২০:৪৯
আপডেট: ২৭ জুলাই ২০১৮, ২০:৪৯

(প্রিয়.কম) পাঙ্গাস মাছ অনেকেরই প্রিয় মাছ হলেও অনেকেই আবার খেতে চান না গন্ধের কারণে। তবে সঠিক রেসিপিতে রাঁধতে জানলে পাঙ্গাস মাছ অত্যন্ত সুস্বাদু ও উপাদেয় একটি মাছ। সুমনা সুমি আজ জানাচ্ছেন ঠিক সেই রেসিপিটি। এই রেসিপিতে পাঙ্গাস রান্না করা খুব সহজ, কিন্তু রাঁধার পর একটুও বাজে গন্ধ বা স্বাদ হবে না। একবার রান্না করে ২/৩ দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, স্বাদটাও তাতে নষ্ট হবে না একটুও। পরিবেশন করতে পারবেন ভাত কিংবা পোলাওয়ের সাথে।

চলুন, জেনে নিই রেসিপিটি।

ছবি : সুমনা সুমি

উপকরণ

  • পাঙ্গাস মাছ ১০-১২ টুকরো (মাঝারি আকারে কাটা)
  • তেল ১/২ কাপ
  • পিঁয়াজ বাটা ১ কাপ
  • আদা-রসুন বাটা ১ চা চামচ করে
  • সরিষা বাটা ১ টেবিল চামচ
  • হলুদের গুঁড়ো ১ চা চামচ
  • লবণ স্বাদ মত
  • লাল মরিচ গুড়ো ১ টেবিল চামচ
  • টালা জিরা গুঁড়ো ১চা চামচ
  • টালা ধনে গুঁড়ো ২ চা চামচ
  • টমেটো কুচি ১ পিস
  • কাঁচা মরিচ ২-৩ পিস
  • ধনে পাতা ২ টেবিল চামচ
ছবি: সুমনা সুমি

প্রনালি

  • মাছের টূকরাগুলো লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • লবণ ও হালকা হলুদ মেখে ১/৪ কাপ তেলে হালকা করে ভেজে নিন।কড়া ভাজা যাবে না।
  • একটি কড়াইয়ে বাকি তেল গরম করে পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু ভাজা হলে বাকি বাটা মশলা ও সরিষা দিন। এখন সব গুঁড়ো মশলা ও লবণ দিয়ে কষাতে থাকুন। তেল ছাড়লে ১/২ কাপ পানি দিন।
  • আবার কিছুক্ষণ কষিয়ে ২ কাপ পানি দিন। পানি ফুটলে মাছের ভাজা টূকরোগুলো ও টমেটো মশলায় ছেড়ে দিন।মশলার পানি মাছের সমান সমান হবে।
  • হালকা করে নেড়ে ঢেকে দিয়ে রান্না হতে দিন ২০ মিনিট। এ সময় চুলার আঁচ কম থাকবে। ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন।
  • ২ মিনিট পর চুলা বন্ধ করে ঢেকে রাখুন।গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন।

প্রিয় লাইফ / আর বি