ছবি সংগৃহীত

সাহারার জীবনে সুসময়

Fahud Khan
লেখক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৮:০৬
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৮:০৬

সাহারাকে এখন দেশীয় চলচ্চিত্রের নির্ভরযোগ্য নায়িকা বলা যায়। গত ১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল শাহাদাত্ হোসেন লিটন পরিচালিত সাহারা অভিনীত প্রথম ডিজিটাল চলচ্চিত্র জোর করে ভালোবাসা হয় না। ছবিটি সারা দেশের প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ব্যবসায়িক হিসাব-নিকাশে সাহারা অভিনীত এই ছবিটি সাফল্যের মুখ দেখেছে। এ ছবিতে তার বিপরীতে কাজ করেছেন শাকিব খান। শুধু এই ছবি নয়, গেল কয়েক বছরে সাহারা অভিনীত প্রায় সবকটি ছবি সুপার হিট অথবা হিট হয়েছে। এরমধ্যে বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া। ছবিটি যারা দেখেছেন তারা সাহারার ভাবাবেগের সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছেন অনেকবার। শুধু এ ছবিতেই নয়, বলবো কথা বাসর ঘরে, ভালোবেসে বউ আনবো, আমার পৃথিবী তুমি, ডন নাম্বার ওয়ান, খোদার পরে মা ছবিতেও সাহারার উপস্থিতি ছিল ভিন্নধারার। নিজের সাফল্যে নিয়ে সাহারা বলেন, অনেক কষ্টের পর আমার জীবনে সুন্দর সময় এসেছে। আমি দর্শকসহ আমার প্রতিটি ছবির প্রযোজক, পরিচালক এবং প্রেস মিডিয়ার সব সাংবাদিকের কাছে কৃতজ্ঞ। সবার সহযোগিতা ছাড়া আজকের এ অবস্থানে আসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিচালক শাহাদাত্ হোসেন লিটনের কাছে। কারণ, তিনিই আমাকে প্রথম চলচ্চিত্রে এনেছেন। সম্প্রতি সাহারা উত্তম আকাশ পরিচালিত ঢাকা টু বোম্বে ছবির কাজ শেষ করে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন। সামনে কাজ করবেন রাজু চৌধুরী পরিচালিত তোকে ভালোবাসতেই হবে ছবির কাজ। সাহারার পারিবারিক নাম রুনা। ২০০৪ সালে রুখে দাঁড়াও ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এ ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। ছবিটি খুব বেশি ভালো ব্যবসা না করতে পারলেও নবাগত নায়িকা হিসেবে সাহারা আলোচনায় আসেন। ছোটবেলা থেকেই সাহারা স্বপ্ন দেখেছেন বড় হয়ে একদিন নায়িকা হবেন।