ছবি সংগৃহীত

রূপার গয়নায় রূপের বাহার

nusrat jahan champ
লেখক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৪, ১০:৫৯
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪, ১০:৫৯

(প্রিয়.কম) নারীর রূপ নিয়ে কবিতা-গান-গল্প-উপন্যাসে উপমার শেষ নেই! সভ্যতার আদি থেকেই নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য নারীরা ব্যবহার করে আসছে অলংকার। পছন্দের ভিন্নতার কারণে সে অলংকার কখনো হয় সোনা, রূপা বা অন্য ধাতু অথবা কাঠ বা পালকের মতো উপাদান। যুগে যুগে বদলে যায় গয়নার আবেদন। তবে সোনার তৈরি গয়নার আবেদন কখনোই কমে না। বর্তমানে সোনার দাম আকাশচুম্বী হওয়ায় রূপা সে জায়গা দখল করে নিয়েছে। গয়নায় নিত্যনতুন মাত্রা সংযুক্ত হলেও নারীর ভালোবাসায় রূপার গয়না ধরে রেখেছে তার চিরন্তন আবেদন। ক্যাজুয়াল পোশাক হোক আর ফরমাল, সবকিছুতেই সমানভাবে। শুধু যে সাধারণ ব্যবহার তা নয়, বিয়ের কনে সাজানো থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে রূপার গয়না দারুণভাবে সমাদৃত।

বাহারি ব্যবহার

যেকোনো পোশাকের সাথে মানিয়ে যায় বলে কর্মজীবী নারীরা নাকফুল, আংটি, খাড়ু, পায়েল, ছোট দুল ইত্যাদি বেশি পরেন। বিয়ের গয়না হিসেবে রূপার চাহিদা দিন দিন বাড়ছে। তবে এগুলো গোল্ড প্লেটেডভাবে ব্যবহার করা হয়। ছেলেদের আকর্ষণ মূলত রূপার ব্রেসলেটের প্রতি।

গয়নার যত্নআত্তি

অনেকের ধারণা রূপার গয়না কালো হয়ে যাওয়া মানেই তা নকল। আবহাওয়ার তারতম্যের কারণে গয়নার রঙ বদলে যেতে পারে। পানি লাগলে, আগুনের আঁচে গয়না কালো হয়ে যেতে পারে। আসলে রূপা যদি খাঁটি হয় তাহলে কালো হবেই। গয়নার কালো ভাব দূর করার জন্য তেঁতুল পানি বা গুঁড়া সাবান পানিতে গুলে তাতে গয়না কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। বাতাস নিরোধক বাক্স বা পাত্রে রূপার গয়না রাখলে দীর্ঘদিন ভালো থাকবে এবং সহজে কালো হবে না। গয়না ব্যবহারের পর তুলা, টিস্যু বা নরম সুতি কাপড়ে মুড়িয়ে রাখলে ভালো থাকবে।

দরদাম

বর্তমানে রূপার ভরি ১৪০০ থেকে ১৬০০ টাকায় ওঠানামা করছে। কিন্তু ভরি অনুযায়ী দাম মেলানো যাবে না যদি নিখুঁত ডিজাইনের গয়না কিনতে চান। ডিজাইন ও আকার ভেদে প্রতিটি নাকফুলের দাম পড়বে ২৫০-৩০০ টাকা। কানের দুল ৬০০-১০০০ টাকা। বালা ২০০০-৫০০০ টাকা। টিকলি ১৫০০-৩০০০ টাকা। ব্রেসলেট ১০০০-২০০০ টাকা, খাড়ু ও বাজু ২০০০-৭০০০ টাকা, মাদুলি সেট ২৫০০-৪০০০ টাকা। গয়নার সেট কিনতে খরচ হবে ১০০০০-১৫০০০ টাকা। তবে জাঁকজমকপূর্ণ গয়নার সেট কিনতে হলে খরচ করতে হবে ৫০০০০ টাকার বেশি।

কোথায় পাবেন

বিভিন্ন ফ্যাশন হাউজ, আড়ং, অঞ্জস'স, রাজধানীর চাঁদনী চক মার্কেটের দ্বিতীয় তলা, বসুন্ধরা সিটিতে রয়েছে রূপার গয়নার বেশ কিছু দোকান। লেখিকার সরেজমিন তথ্য সংগ্রহের ভিত্তিতে লেখা