ছবি সংগৃহীত

বিয়ের গহনা নিয়ে ফরিদা হোসেনের পরামর্শ

Mahmud Ullah
লেখক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৫, ১২:৩০
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫, ১২:৩০

(প্রিয়.কম) শীত মানেই বিয়ের মৌসুম। আর বিয়ে মানেই এক গাদা গহনা। বিয়ে নিয়ে ভাবতে গেলে অনেকেই গহনা নিয়ে বিপাকে পড়ে যান। কি গহনা কেনা যায়? কত ভরি গহনা লাগবে। এখন কি ধরনের গহনা ফ্যাশনে স্টাইল হিসেবে আছে। সব মিলিয়ে বিষয়টি সত্যিই চিন্তার। তাই হবু বরকনের জন্য প্রিয়.কমের ফ্যাশন বিভাগের আজকের টিপস বিয়ের গহনা। টিপস দিয়েছেন গোল্ডেন ওয়ার্ল্ডের স্বত্তাধিকারী ফরিদা হোসেন।

প্রিয়.কম: আজকাল বিয়েতে কি ধরনের গহনা ফ্যাশনে চলছে?
ফরিদা হোসেন: আগে বিয়েতে যে ধরনের গহনা চলতো, সেই ট্রেডিশনাল গহনাগুলোই এখন ফ্যাশনে আবার ফিরে এসেছে। মানুষ এখন স্বর্নের মধ্যে এন্টিক ও কপার কালার পছন্দ করছে। আগে যেমন মা খালারা ঝুমকা পড়তো। এখন সেইসব ঝুমকাই আবার ফিরে এসেছে। তবে এখন দেখতে বড় দেখা যায় কিন্তু ওজনে হালকা, এমন গহনাই চলছে।


প্রিয়.কম: বিয়েতে সাধারনত কি ধরনের গহনা সবচেয়ে বেশি চলে?
এটা আসলে একে জনের রুচি ও বাজেটের ওপর নির্ভর করে। হাসলি, সীতা হারের সঙ্গে এখন কন্ঠচিক হার বেশি চলছে। এর সঙ্গে হাতের জন্য বাউটি, কানের দুল পরে সবাই। নাকের জন্য নথ পরে। এছাড়া অনেকে মান্তাসা কেনে। আবার অনেকে রতন চুড়ও কেনে। মুকুটের দাম বেশি হওয়াতে সবাই মুকুট কেনে না। সেটের সঙ্গে মিলিয়ে সবাই আংটি পরে।

প্রিয়.কম: গহনায় পাথরের চল এখন কেমন?
ফরিদা হোসেন: আগে যেমন সলিড গোল্ড সবাই পড়তো। এখন আবার সেই ধরনের চল চলে আসছে। এখন পাথরের প্রতি সবার ঝোক কম। সবাই সলিড গোল্ড পরছে।


প্রিয়.কম: গহনার সেটয়ে কি ধরনের পাথর চলছে এখন?
ফরিদা হোসেন: গহনায় সাধারনত চ্যাম্পিয়ান, স্টোন, কুন্দন, পলকি, রুবি, মুক্তা, পান্না, পেরিডট পাথরই বেশি চলে।


প্রিয়.কম: নূন্যতম কি কি গহনা হলে একটি বিয়ের সেট হয়?
ফরিদা হোসেন: একটি হার, দুল, নথ, দুইটা চুড় ও আংটি হলেই একটি বিয়ের সেট হয়। এর জন্য ৬ ভরির মতো স্বর্ন লাগে। অনেকে আবার টিকলিও কেনে। টিকলির ব্যবহার শুধু বিয়েতেই সীমাবদ্ধ হওয়াতে সবাই টিকলি কেনে না।তবে ১০/১২ ভরি হলে বিয়েতে মনের মতো করে গহনার সেট তৈরী করা যায়।


প্রিয়.কম: কোন বিষয়ের কথা চিন্তা করে বিয়ের গহনা কেনা উচিৎ?
ফরিদা হোসেন: সাধারনত শাড়ি ও এর রঙ এর সঙ্গে ম্যাচ করেই গহনা কেনা উচিত। এছাড়া গহনার মান যেন আন্তর্জাতিক মানের হয় সেই দিকেও লক্ষ্য রাখা উচিৎ।


প্রিয়.কম: বিয়ের গহনায় হীরার চাহিদা কেমন?
ফরিদা হোসেন: আমাদের দেশে ডায়মন্ডের তেমন চাহিদা তৈরী হয়নি। তারপরও অনেকে ডায়মন্ড কেনে। আর এখন ডায়মন্ডের দাম ও স্বর্নের দাম এক হয়ে যাওয়াতে অনেকে ডায়মন্ডও কেনে। তবে ডায়মন্ড বিক্রির সময় তেমন দাম পাওয়া যায় না বলে সবার স্বর্ণের প্রতিই ঝোঁক।


প্রিয়.কম: বিয়েতে স্বর্ণ কি অনেক প্রয়োজন? গহনা ছাড়া কি বিয়ে হয়না?
ফরিদা হোসেন: না আমার জানামতে স্বর্ণের গহনা ছাড়া বিয়ে হয়েছে এমন নজির নেই। বিয়েতে ছেলে মেয়ে দু’পক্ষের মাঝেই লেনদেনের একটি চুক্তি হয়। এটাই এখানকার সমাজের রীতি। হয় কম নয়তোবা বেশি।