ছবি সংগৃহীত

টাঙ্গাইলের তাঁতে এখন তৈরী হচ্ছে শীতের শাল চাদর

priyo.com
লেখক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৬, ০৮:২৫
আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬, ০৮:২৫

ছবি: প্রিয়.কম

(আব্দুল্লাহ্ আল মাসুদ, টাঙ্গাইল) টাঙ্গাইলের তাঁতের শাড়ীর পর এবার চাহিদা বাড়ছে শাল চাদরের। বুনন শৈলী এবং মান ভাল থাকার কারনে দেশীয় বাজারে এর জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে শীতের বাজারের চাহিদা মেটাতে  ব্যস্ত হয়ে পড়েছেন শাল চাদর তৈরীর কারিগররা।

টাঙ্গাইলের তাঁতের শাড়ির সুনাম রয়েছে সারা বিশ্বে। সেই তাঁতে এখন তৈরী হচ্ছে উন্নত মানের শাল চাদর। টাঙ্গাইলের কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে শাল চাদর তৈরী হলেও দেলদুয়ার উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে সবচেয়ে বেশি এ চাদর তৈরি হয়। সারা বছরের তুলনায় শীত মৌসুমে ক্রেতাদের মাঝে চাহিদা বেশী থাকায় দ্বিগুন পরিশ্রম করতে হচ্ছে শ্রমিকদের। এ সব তাঁতে দু’সুতি, পাইর, কিরকিরি, নয়নতারা ও বহুরুপীসহ নানা ডিজাইনের শাল চাদর তৈরি হচ্ছে।

বর্তমানে এ অঞ্চলের প্রায় তিন শতাধিক পরিবার শাল চাদর তৈরি করে তাদের জীবিকা র্নিবাহ করছেন। সাশ্রয়ী দাম আর মানের কারনে সহজেই সব শ্রেণীর ক্রেতাদের মনে স্থান করে নিয়েছে এ শাল চাঁদর। বিভিন্ন মানের এই শাল চাদর তিন শত থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী, সিলেট ও কক্সবাজারসহ দেশের অধিকাংশ এলাকাতেই পৌঁছে গেছে টাঙ্গাইলের তাঁতে তৈরী শাল চাদর। নিপুন কারুকার্য আর বাহারী ডিজাইনের আর্কষণীয় এ চাদর প্রায় সব বয়সের নারী-পুরুষের পছন্দ। তবে এবছর শীতবস্ত্রের বাজারে তেমন একটা চাহিদা নেই বলে জানায় পাইকারী বিক্রেতারা।

টাঙ্গাইল শাড়ির মতো শাল চাদরের এই শিল্পকে সম্প্রসারিত করতে সরকারী সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করছেন এই শিল্পের সাথে জড়িতরা।