ছবি সংগৃহীত

জেনে নিন গয়না পরিষ্কার করার ৭টি কার্যকর কৌশল

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ০৭:৪৯
আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ০৭:৪৯

(প্রিয়.কম) সব সময়ে পরার গয়নায় তো বটেই, উত্‍সব-অনুষ্ঠানে পরার গয়নাতেও সাবান, বডি অয়েল বা কসমেটিকস থেকে লেগে যায় ময়লার পাতলা আস্তরণ। বিশেষ করে পাথরের গয়নায় যেকোনো রকমের গ্রিজ বা তেল চট করে বসে যায়। তাই গয়না নিয়মিত পরিষ্কার উচিত। নয়তো ময়লা জমে গয়নার উজ্জ্বলতা কমে যেতে থাকে। জেনে নিন গয়না পরিষ্কার করার কিছু কৌশল। ১. বেশিরভাগ গয়নাই ঘরোয়া ভাবে পরিষ্কার করতে হালকা সাবান মেশানো পানিই সবচেয়ে ভালো। তবে মনে রাখবেন পীত পোখরাজ, পান্না, জেডপাথর, লাপিজলাজুলি, মুক্তা আর ফিরোজাতে এই কাজ ভুলেও করবেন না। ২. গরম পানিতে একটু সোডা বাইকার্বনেট মিশিয়ে সোনার গয়না পরিষ্কার করুন এক টুকরো সিনথেটিক শ্যাময় বা শ্যাময় লেদার দিয়ে ঘষে। ৩. বাড়িতে গয়না পরিষ্কার করার আরেকটি পদ্ধতি হলো একভাগ হালকা ডিটারজেন্ট আর একভাগ বাড়িতে ব্যবহার করার অ্যামোনিয়ার সাথে তিনভাগ পানি - এই মাপে একটা সলিউশন বানিয়ে নিন। এবার বাড়িতে তৈরি এই ক্লিনার দিয়ে পরিষ্কার করুন গয়না। সব শেষ আঁশহীন, নরম, মসৃণ তোয়ালে দিয়ে মুছে নিন। অ্যামেথিস্ট, হিরা, গারনেট, মুনস্টোন, চুনি, নীলা এই পদ্ধতিতে পরিষ্কার করতে পারেন। ৪. পলা আর মুক্তায় গাঁথা গয়না নরম, ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। বেশির ভাগ গয়নাই সাধারণ পানিতে পরিষ্কার করা যায়। খুব বেশি ময়লা ধরলে পানিতে সামান্য সাবান মিশিয়ে নিতে পারেন। ৫. হিরার গয়না ফুটন্ত সাবানপানিতে ২-৫ মিনিট রেখে তারপর পরিষ্কার পানিতে ফেলুন ও নরম ব্রিসলের টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন। ৬. রুপার গয়না নরম সুতি কাপড় দিয়ে ঘষে মুছুন। রুপার গয়না রাখতে হয় ইন্টারলকিং সিল লাগানো প্লাস্টিক পাউচে। ট্যালকম পাউডার ব্যবহার করেও এ ধরনের গয়না পরিষ্কার করা যায়। শুকনো কাপড়ের টুকরো দিয়ে ট্যালকম পাউডার লাগিয়ে পরে অন্য শুকনো সুতি কাপড় দিয়ে ঘষে মুছে ফেলতে হবে। ৭. ভারী পুরনো গয়না, কুন্দন অথবা জড়োয়া গয়না গরম পানিতে কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে তারপর নরম সুতি কাপড়ের টুকরো দিয়ে মুছুন। তথ্যসূত্র: হাউজহোল্ড টিপস ডটকম