ছবি সংগৃহীত
অ্যালোপেশিয়ার ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানুন
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৪১
ফটোসোর্স : www.alkowaityah.com
(প্রিয়.কম)- চুল পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। একে অ্যালোপেশিয়া বলে। এমন অনেক ঘরোয়া উপাদান আছে যা চুলকে শক্তিশালী করতে এবং চুল পড়া রোধে সাহায্য করে। সবাই চায় তার চুল ঘন ও স্বাস্থ্যবান হোক। চুল পড়ার সমস্যাটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। এটি হঠাৎ করে বা আস্তে আস্তে হতে পারে এবং এটি স্থায়ী বা অস্থায়ী উভয় ধরণেরই হতে পারে। গড়ে দৈনিক ৫০-১০০ টা চুল পড়া স্বাভাবিক। এর চেয়ে বেশি এবং নিয়মিত চুল পড়লে তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
বিভিন্ন কারণে যেমন- হরমোনের ভারসাম্যহীনতা, অসুস্থতা, ঔষধের প্রতিক্রিয়া, বংশগত কারণ যাকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বলে, অটোইমিউন ডিজিজ যাকে অ্যালোপেসিয়া এরিয়াটা বলে, সিকাট্রিসিয়াল (স্কারিং) অ্যালোপেসিয়া, পুষ্টির ঘাটতি, ভিটামিন এ এর আধিক্য, ট্রাইকোটিলোম্যানিয়া এবং মেনোপোজ, স্ট্রেস ও বাচ্চা প্রসবের কারণেও চুল পড়ার সমস্যা হয়ে থাকে।
চুলের গোড়ার ফলিকলকে শক্তিশালী করা এবং নতুন করে চুল গজানোর জন্য অনেক প্রাকৃতিক উপাদান আছে। চুল পড়ার সমস্যা থেকে মুক্ত হওয়ার উপায়গুলো জেনে নিই চলুন।
১। আমলা
চুলের বৃদ্ধিকে উৎসাহিত করতে আমলা চমৎকারভাবে কাজ করে। আমলা চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং চুলের গঠনের ও উন্নতি করে। হাজার বছর আগেই আমলার তেল চুলের জন্য উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে। হেয়ার টনিক তৈরিতে এটি ব্যবহৃত হয়। চুলকে শক্তিশালী করতে, চুলের বৃদ্ধিকে উৎসাহিত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে আমলা। আমলার তেলের সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলে চুলের বৃদ্ধিতে চমৎকারভাবে কাজ করে। আমলা বা আমলকীর গুঁড়ার সাথে লেবুর রস মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে আমলার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে চুল শক্ত ও ঝলমলে হবে।
২। নারিকেলের দুধ
আয়ুর্বেদে বিভিন্ন সমস্যার সমাধানে নারিকেলের দুধ ব্যবহার করা হয়। মাথার তালুতে নারিকেলের দুধ লাগানোর পর একটি তোয়ালে দিয়ে ঢেকে রাখুন ১৫-২০ মিনিট যাবৎ। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুলে ফেলুন। এটি চুল পড়া কমাতে সাহায্য করে। এটি চুলকে নরম করতেও সাহায্য করে। বিশুদ্ধ নারিকেল তেল মাথায় মালিশ করা চুলের বৃদ্ধির জন্য উপকারী।
৩। পেঁয়াজের রস
চুল পড়া রোধ করতে চমৎকারভাবে সাহায্য করে পেঁয়াজের রস। চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে পেঁয়াজের রস। পেঁয়াজের রস ব্যবহার করলে ৬ মাসের মধ্যে কার্যকরী ফল পাওয়া যায়।
৪। খাদ্যাভ্যাসের পরিবর্তন
আপনার খাদ্য তালিকায় ওমেগা ৩ ফ্যাটি এসিড যুক্ত খাবার রাখুন। সপ্তাহে ২/৩ বার ফ্যাটি ফিশ খান। আখরোট খান। অ্যালোপেসিয়া থেকে মুক্ত হতে স্ট্রেস মুক্ত থাকুন।
লিখেছেন-
সাবেরা খাতুন
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম
সম্পাদনা: কে এন দেয়া, অ্যাসিস্ট্যান্ট এডিটর
- ট্যাগ:
- রূপ-রঙ
- স্বাস্থ্য
- লাইফ
- ঘরোয়া প্রতিকার
- চুল পড়া