নীলগিরি,www.experiencebangladesh.com
(প্রিয়.কম) মানুষ সুন্দরের পূজারী। কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও মানুষ খুঁজে বেড়ান প্রাকৃতিক রূপে অনন্য স্থান। যেখানে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় এবং জীবনের আনন্দ পুরোপুরি উপভোগ করা যায়। এক্ষেত্রে অনেকেই পছন্দ করেন বাংলাদেশের বাইরের নানা স্থান। কিন্তু ঘুরে বেড়াতে কিংবা অসাধারণ সুন্দর কোনো স্থান দেখতে কি শুধুই দেশের বাইরে যাওয়া প্রয়োজন? নিজেকে একটিবার প্রশ্ন করে দেখুন তো নিজের দেশের কতোগুলো স্থান আপনি দেখেছেন।
উত্তর হয়তো আপনি নিজেই খুঁজে পাবেন। রূপে অনন্য প্রাকৃতিক দৃশ্য দেখতে বাইরে যেতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন কি আমাদের বাংলাদেশেই রয়েছে অনেক অতুলনীয় স্বর্গময় পরিবেশ যা বিশ্বের অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কি, বিশ্বাস হচ্ছে না? চলুন তবে আজকে জেনে নিন আমাদের রূপসী বাংলার ৫ টি অপূর্ব সুন্দর স্থানের কথা।
রাতারগুল, সিলেট
ছবি কৃতজ্ঞতাঃ এপেক্স প্ল্যানেট
বাংলাদেশের একমাত্র জলাভূমির বন রয়েছে সিলেটের রাতারগুলে। শুধু তাই নয় পুরো বিশ্বে এইধরনের জলাভূমির বন রয়েছে হাতে গোনা কয়েকটি। তাই দেশের ভেতরেই এই অপরূপ সুন্দর বন দেখতে চাইলে ঘুরে আসুন সিলেটের গোয়াইনঘাট থেকে। দেখে আসুন অতুলনীয় সুন্দর স্থান রাতারগুল।
নীলগিরি, বান্দরবন
ছবি কৃতজ্ঞতাঃ রাসেল রাইডার, www.bdriderZclub.com
পৃথিবীর বুকে স্বর্গের অনুভূতি পেতে চাইলে দূরে কোথাও নয় দেশের ভেতরেই নজর ঘুরিয়ে নিতে পারেন। বান্দরবনের নীলগিরি যেন সত্যিকার অর্থেই স্বর্গ। এই ছবিটি দিনের বেলার নয়। এবং একে কুয়াশা বলেও ভুল করবেন না। এটি নাইট মোডে তোলা রাতের আকাশের ছবি, যেখানে চাঁদের সাথে ফুটে উঠেছে অসংখ্য তারা। এবং পায়ের কাছে এই ধোঁয়াটে স্তর মোটেই কুয়াশা নয়, এটি মেঘের স্তর।
নাফাখুম, বান্দরবন
ছবি কৃতজ্ঞতাঃ ফয়সাল শাহরিয়ার, www.flickr.com
উপভোগ করতে চান রাশি রাশি জলধারার অপার সৌন্দর্য? ভাবছেন দেশের বাইরে কোথায় যাওয়া যায়? তবে ভাবনা এখনই বন্ধ করে দিন। ঘুরে আসুন দেশের ভেতরেই। দেখে আসতে পারেন বান্দরবনের থানচি উপজেলার অপরূপ সৌন্দর্যের ঝর্না নাফাখুম। তবে একটু কষ্ট করতে হবে। প্রথমে থানচি উপজেলা থেকে ৩ ঘণ্টার নৌকো ভ্রমণ, পৌঁছুবেন তিনডুতে। তারপর সেখান থেকে আরও ৩ ঘণ্টার সাঙ্গু নদীতে ভ্রমণ আপনাকে পৌঁছে দেবে রেমাকরিতে। এরপর ৩ ঘণ্টার হাঁটা পথে পৌঁছে যাবেন নাফাখুমের অপরূপ সৌন্দর্যে। এতো সৌন্দর্য দেখতে কিছুটা তো কষ্ট করতেই হবে।
বগাকাইন হ্রদ (বগা লেক), বান্দরবন
ছবি কৃতজ্ঞতাঃ হাসান তানভীরের মটো-ট্রাভেল ব্লগ
বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার মিঠা পানির লেক। এটি বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৩,৫০০ ফুট। একই সাথে অ্যাডভেঞ্চার ও অপূর্ব সুন্দর স্থান দেখতে চাইলে ঘুরে আসুন না এই অপরূপ বগা লেক থেকে।
বিছনাকান্দি, সিলেট
ছবি কৃতজ্ঞতাঃ নাসিমুল হক চৌধুরী, www.flickr.com
সিলেটের আরেকটি অপূর্ব সুন্দর স্থান হচ্ছে বিছনাকান্দি। সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে মাত্র ৩৩ কিলোমিটার (৪৬ মিনিট প্রায়) দূরত্বে অবস্থিত এই অসাধারণ জায়গাটি। এছাড়াও সিলেট শহরের আম্বরখানা থেকে অটোরিকশায় প্রথমে হাদারপাড় গিয়ে সেখান থেকে নৌকা ভ্রমণ করে পৌঁছে যেতে পারবেন বিছনাকান্দি।