বাংলাদেশের সীমান্তে বিজেপি ও আওয়ামী লীগ যৌথভাবে মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে বাংলাদেশের নদী নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার রাজশাহীতে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি এই কর্মসূচির আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ‘গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। পানিসম্পদমন্ত্রী জানিয়েছেন, চুক্তি নবায়নের জন্য পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি ভারত। এর অর্থ হলো পদ্মাকে শুকিয়ে মরুভূমি করার এবং তিস্তাকে শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার চক্রান্ত চলছে। আর এই ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে ভারতের এ দেশীয় এজেন্ট আওয়ামী লীগ।’
তিনি আরও বলেন, ‘শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়কে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি বিরাজমান। এজন্য আমাদের মিছিল করতে হচ্ছে।’