সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনায় পেট্রলবোমা হামলার পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাস ও ট্রেনে। রেলপথের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা হয়েছে। গাছ কেটে সড়ক–মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি জেলায়। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত দেশের অন্তত ২০ জেলায় নাশকতা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, ফেনী, নোয়াখালী, কক্সবাজার ও কুমিল্লায় এসব ঘটনা ঘটে। এর বাইরে কিছু এলাকায় নাশকতার চেষ্টা করা হয়েছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কের বেশ কিছু স্থানে গাছ কেটে, বিদ্যুতের খুঁটি ফেলে গতকাল রাত থেকে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। অবরোধের কারণে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে।
ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরের ফকিরকান্দ, হরিদাসপুর সেতু, নিমতলা মোড়, ডুমদিয়া বাসস্ট্যান্ড, সোনারসুর, বিজয়পাশা, পাইককান্দি, চন্দ্রদিঘলিয়া ও গোপীনাথপুর এলাকায় সড়কে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ও গাছ কেটে আজ সকাল থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
গোপালগঞ্জ-বরিশাল সড়কের বেদগ্রাম, মাঝিগাতী, কাঠি, দত্তডাঙ্গা ও কাজুলিয়া এলাকায়ও সড়কের পাশের গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, পল্লী উন্নয়ন একাডেমির সামনে, ওয়ালারহাট, সিকির বাজার ও পয়সার হাট এলাকায়ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়। মুকসুদপুর কলেজ মোড়, বড়ইতলা ও আশপাশের সড়কেও অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
এ বিষয়ে কথা বলতে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে পুলিশ সুপার কার্যালয়ে গিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে আজ ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। তাঁরা হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক শ নেতা–কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। গতকাল রাত থেকেই কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান।
মাদারীপুর
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় আজ ভোর থেকে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে তাঁদের অবস্থানের কারণে যাতায়াতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে ধাওয়া দিয়ে নয়জনকে আটক করে পুলিশে দেন বিএনপির নেতা–কর্মীরা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।