১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয়েছিল বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র্রের সার্বভৌমত্ব ও অখণ্ড কাঠামোর মধ্যে পাহাড়ের সব মানুষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার এবং সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য। ৩০ বছরের দ্বারপ্রান্তে চুক্তিটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ বলছেন, চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি; কেউ বলছেন, এর কাঠামো বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; অনেকে চুক্তি বাতিলের কথাও তুলছে। এ বিতর্ক নিছক চুক্তির পক্ষে বা বিপক্ষের লড়াই নয়। মূল প্রশ্ন হলো-চুক্তি কেন হয়েছিল, কী অর্জন করেছে, কী অর্জন করতে পারেনি, বর্তমান সংঘাতের প্রকৃতি কীভাবে বদলেছে এবং ভবিষ্যৎ শান্তির জন্য বিদ্যমান কাঠামোর মধ্যে কী ধরনের পরিবর্তন ও নবায়ন প্রয়োজন?
১৯৯৭ সালের শান্তিচুক্তি অস্ত্র ও সহিংসতার স্থলে রাজনৈতিক সমাধানের আশা জাগালেও পাহাড়ে স্থায়ী শান্তি আসেনি। চুক্তিকে ঐতিহাসিক অর্জন হিসাবে স্বীকার করেও এর বাস্তবায়ন, সীমাবদ্ধতা ও কার্যকারিতা নিয়ে সমালোচনামূলক আলোচনা দরকার। তবে চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকারি ও জনসংহতি সমিতির মূল্যায়নে বড় পার্থক্য রয়েছে। সরকারি বক্তব্যে চুক্তির ৭২টি ধারার মধ্যে ৬৫টি পুরোপুরি বাস্তবায়িত এবং বাকি সাতটি বাস্তবায়নাধীন বলে উল্লেখ করা হয়। অন্যদিকে জনসংহতি সমিতির মূল্যায়নে ২৫টি ধারা পুরোপুরি বাস্তবায়িত, ১৮টি আংশিক বাস্তবায়িত এবং ২৯টি বাস্তবায়িত হয়নি বলে দাবি করা হয়। এ দুই মূল্যায়নের ব্যবধান কেবল সংখ্যাগত বিতর্ক নয়, চুক্তির বাস্তব অগ্রগতি, বাস্তবায়নের মানদণ্ড এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থার সংকটকে নির্দেশ করে।
অন্যদিকে, তিন দশক পর পাহাড়ের বাস্তবতা বদলেছে। জনসংখ্যা, রাজনৈতিক সংগঠন, স্থানীয় ক্ষমতার বিন্যাস, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং পাহাড়ের মানুষের প্রত্যাশা ১৯৯৭ সালের তুলনায় ভিন্ন। এ পরিবর্তনগুলো চুক্তির বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পর্যালোচনাকে যৌক্তিক করে তোলে।
১৯৯৭ সালের চুক্তি মূলত বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তৎকালীন সংঘাতের প্রধান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার জন্য এ দ্বিপক্ষীয় কাঠামো ছিল বাস্তবসম্মত। কিন্তু বর্তমান পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা আরও জটিল।
পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মতাদর্শ, নেতৃত্ব ও জনগোষ্ঠীর স্বতন্ত্র দাবি রয়েছে। বাঙালি অধিবাসীদের ভূমি, নিরাপত্তা, প্রতিনিধিত্ব ও নাগরিক অধিকারের প্রশ্ন রয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যেও রাজনৈতিক মতপার্থক্য, সংগঠনগত বিভাজন এবং নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। নারী, তরুণ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব এবং নাগরিক সমাজের অভিজ্ঞতাও শান্তি প্রতিষ্ঠার আলোচনায় গুরুত্বপূর্ণ।