বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম তৌফিক ইমরোজ খালিদী (১৪ জুন ১৯৬৭—২ অক্টোবর ২০২৬)। সদ্যপ্রয়াত এই সম্পাদকের অধীনে কিছুকাল কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। আমার সাংবাদিকতা পেশার সেই অধ্যায় কেটেছে চলতি শতাব্দীর তেইশ-চব্বিশের মৌসুমে। সেখানে যতটা না সাংবাদিকতা করেছি, তার চেয়ে ঢের শিখেছি তৌফিক ভাইয়ের কাছ থেকে। তাই আমার কাছে তিনি শুধু ‘বস’নন, একজন শিক্ষকও বটে।
লন্ডনে বিবিসিতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, তা ঢেলে দিয়ে দেশের সাংবাদিকতা বদলে দিতে চেয়েছিলেন তিনি। ঢাকার বিডিনিউজে তৌফিক ইমরোজ খালিদী অনেকখানি রেখে গেছেন সেই সিলমোহর। আমার আরেক সাবেক কর্মস্থল ইনডিপেনডেন্ট টেলিভিশনের শুরু হয়েছিল তৌফিক ভাইয়ের হাত ধরেই। সেখানে তাকে পাইনি, কারণ ইনডিপেনডেন্ট টেলিভিশনে খুব বেশি দিন ছিলেন না তিনি। কিন্তু সেই চ্যানেলের অবকাঠামো যে অন্যদের চেয়ে আলাদা, সেটা তারই রুচির ফসল। দেশ-দুনিয়া-মিডিয়ায় যে রুচির দুর্ভিক্ষ, সততই তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি।
মধ্যরাতে নিজ দপ্তরে এসে ঘণ্টাকয়েক থাকতে ভালোবাসতেন তৌফিক ভাই। তিনি যেখানে বসতেন, ঠিক তার পথের ধারে ছিল আমাদের মাল্টিমিডিয়া দলের কর্মালয়। আসতে বা যেতে প্রায়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক-দুই ঘণ্টা ধরে কথা বলতেন। কখনো আমাদের কারও আসনে বসে যেতেন। সন্ধ্যায় অফিস-প্রদত্ত নাশতা তথা বিস্কুট কারও কাছে আছে কি না, কখনো শখ করে চেয়ে খেতেন। অনেক সময় এমনও হয়েছে—ভিডিও স্টোরির গদ্যটি কেমন হবে, হাতে ধরে শিখিয়ে দিতেন। সেটা হতে পারে হজ কিংবা সাঈদীর মৃত্যুর মতো সিরিয়াস বিষয়বস্তু; আবার হতে পারে যাপিত জীবনের শিক্ষামূলক কোনো কিছুর উপস্থাপনা। অনেকে ভেবে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা, ডেইলি স্টার ও লন্ডনে বিবিসিতে কাজ করা—ইত্যাদি কারণে তৌফিক ভাই ইংরেজিতে যেমন দক্ষ ছিলেন, তেমনি বিলেতি এই ভাষার প্রতি অতি প্রীতি দেখাতেন। কিন্তু তার কাছে গিয়ে জেনেছি, তিনি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কতটা দরদি ছিলেন, কতটা নিবেদিত ছিলেন।
সেই উপমা দিতে তার সঙ্গে আমার প্রথম আলাপের প্রসঙ্গটি টানতে হয়। সেটা তেইশ সালের কোনো একটি দিন। আমি তখন বিডিনিউজে চাকরিপ্রার্থী। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ধরে নয়, সরাসরি আমার কথা তৌফিক ভাইকে বলেছিলেন বন্ধুবর সাংবাদিক ওবায়দুর মাসুম। দিন কয়েকের মধ্যে ডাক পড়ল আমার। সরাসরি বসতে হবে তৌফিক ভাইয়ের সঙ্গে। রাশভারী মানুষ তিনি, ঢাকার সাংবাদিকতা জগতে এমন কথা চাউর হয়ে আছে বহুদিন ধরেই। আর চাকরির ক্ষেত্রে যাকে উপযুক্ত মনে করবেন না, তাকে পাঁচ মিনিটের বেশি সময় দেন না, এটাও জেনেছিলাম। তবে আমার বেলায় ঘটেছিল উল্টোটা। বৈঠকি ঢঙে দুই-তিন ঘণ্টা ধরে চলেছিল সেই সাক্ষাৎকার পর্ব। একপর্যায়ে বলতে হয়েছিল, আমি কবিতা লিখি, চর্চা করি। আমার অন্যতম প্রিয় কবি আবুল হাসান। বাংলাদেশের অন্যতম প্রধান এই কবি সম্পর্কে তৌফিক ভাইয়ের যে অগাধ পাণ্ডিত্য ও জানাশোনা আছে, তা দেখে সেদিন বিস্মিত হয়েছিলাম। বাংলা বানান ও উচ্চারণরীতি সম্পর্কে তৌফিক ভাইয়ের জ্ঞানের গভীরতা আর সিরিয়াসনেসও ছিল অবাক করার মতো। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে লিখতে কেন ‘৭’-এর পরে ‘ই’ লেখা জরুরি এবং কণ্ঠদানের সময় তা কীভাবে বলতে হবে, ধরে ধরে শেখাতেন আমাদের।
তেইশ-চব্বিশ সালের দিকে তৌফিক ভাইয়ের বয়স তখন ছাপ্পান্ন-সাতান্ন বছরের ঘরে। মাঝেমধ্যেই নানাভাবে মৃত্যু নিয়ে চিন্তার কথা জানাতেন তিনি। বিশেষত চোখের জটিল রোগে আক্রান্ত হওয়ার পর তিনি পাল্টে গিয়েছিলেন। তবে পরে সেই সমস্যা কমে এসেছিল। যা ছিল তার কাছে অনেকটা অলৌকিক ব্যাপার। কারণ চোখের আলো ফিরে পাবেন—এমন আশা তিনি অনেকটা ছেড়েই দিয়েছিলেন। আমি মাঝে মাঝে ভাবতাম, এই বয়সের একজন মানুষ কেন অশীতিপরদের মতো এত মৃত্যুর কথা বলেন! ষাটের আগেই জীবনের ইনিংস শেষ হবে—সেই আলামত কি কোনোভাবে পাচ্ছিলেন তৌফিক ভাই?
তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে সব কর্মীর বেতন-ভাতা নিয়ে তিনি যে সব সময় একটা মানসিক চাপে থাকতেন, তা তিনি নিজেও প্রায়ই বলতেন। কারণ বিভিন্ন মামলা-মোকদ্দমায় জেরবার ছিলেন। তার শত্রুদের লক্ষ্যই ছিল বিডিনিউজ যেন আর্থিক দিক দিয়ে সর্বদাই বিপর্যয়ে থাকে, তাহলে আর সবল সাংবাদিকতায় মনোযোগী হতে পারবেন না তিনি। তবু প্রতিবেদন সঠিক হলে বড় কোনো বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান নিয়েও নেতিবাচক কিছু প্রকাশ করতে তৌফিক ভাইকে কখনো পিছপা হতে দেখিনি। সাংবাদিকতার এই লড়াই জারি রাখতে এবং চ্যালেঞ্জ নিতে অন্য কোনো সম্পাদককে দেখিনি আমি।
২.
উনিশ শতকের অন্যতম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (জন্ম: ৬ মার্চ ১৮১২—মৃত্যু: ২৩ জানুয়ারি ১৮৫৯)। তিনি যখন কাব্যচর্চা করছেন, সেই সময়টা না মধ্যযুগ, না আধুনিক যুগ—ঠিক মাঝখানের একটি সন্ধিক্ষণে ছিল তার অবস্থান। তাই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে ‘যুগসন্ধির কবি’ হিসেবে স্বীকৃত। বাংলা ভাষায় সাংবাদিকতার গোড়াপত্তন যাদের হাতে, তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন গুপ্তকবি। ১৮৩১ সালের ২৮ জানুয়ারি তিনি সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশ করেন। অর্থসংকটের কারণে বিভিন্ন সময় এটি বন্ধও হয়। তবে ১৮৩৯ সালের ১৪ জুন থেকে এটি দৈনিকে রূপান্তরিত হয়, যা বাংলা ভাষার প্রথম দৈনিক হিসেবে স্বীকৃত। সেকালে প্রকাশিত ‘সংবাদ রত্নাবলী’, ‘পাষণ্ডপীড়ন’ ও ‘সংবাদ সাধুরঞ্জন’ পত্রিকাগুলোও ছিল তার সম্পাদিত। তবে ‘সংবাদ প্রভাকর’ বাংলা ভাষার সাংবাদিকতা আর গদ্যের বিকাশে অনন্য ভূমিকা রাখে। বাংলার সমাজবদলেও ছিল এর প্রভাব। তাই তিনি নিজেই তৃণমূলে গিয়ে দেখতে চেয়েছেন দেশ, দশ ও সমাজকে। এদিকটিতে আলো ফেলে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন, “শেষ অবস্থায় ঈশ্বরচন্দ্রের দেশ-পর্যটনে বিশেষ অনুরাগ জন্মেছিল।”
সাংবাদিকতা জীবনেরই শেষ পর্বে ঈশ্বরচন্দ্র একজন পরিব্রাজক হিসেবে অসামান্য কাজ করে গেছেন। তিনি তখন নৌপথে পূর্ববঙ্গ ভ্রমণ করেন এবং হয়ে ওঠেন ঠিক যেন একজন অনুসন্ধিৎসু ইতিহাসবিদ। তারই নমুনা রয়ে গেছে ১২৬১ বঙ্গাব্দের (১৮৫৪-১৮৫৫ খ্রিস্টাব্দ) ‘সংবাদ প্রভাকর’-এ প্রকাশিত ‘ভ্রমণকারিবন্ধুর পত্র’ শীর্ষক ধারাবাহিক গদ্যে। তার ভ্রমণে বাদ যায়নি নদীবিধৌত বরিশাল। তিনি যেমন ইতিহাস তুলে ধরতে চেয়েছেন, তেমনি একজন সাংবাদিকের চোখে দেখতে চেয়েছেন তখনকার বাকেরগঞ্জ জেলার মানুষের যাপিত জীবন। তুলে ধরতে চেয়েছেন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক চিত্র। তাই বরিশালের ঐতিহ্য ও গৌরব যেমন মেলে তার রচনায়, তেমনি রয়েছে যাপিত জীবনের অসংগতির বর্ণনা ও সুতীব্র সমালোচনা। সবটা মিলিয়ে উনিশ শতকের মধ্যভাগের সমাজচিত্রের অসামান্য এক দলিল ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘বরিশাল বিবরণী’, যা গবেষকদের কাছে নিঃসন্দেহে দারুণ এক তথ্যভাণ্ডার।