You have reached your daily news limit

Please log in to continue


রাজনীতির ঘেরাটোপে ডিপ স্টেট

বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজকাল যেন ভেসে বেড়াচ্ছে ডিপ স্টেট নামে এক রহস্যময় অবয়ব। দৃশ্যমান রাজনীতির মঞ্চে যখন ক্ষমতার পালাবদল ঘটে, তখন নেপথ্যের অদৃশ্যশক্তি ও সূক্ষ্ম পরিকল্পনার প্রশ্ন নতুন করে সামনে আসে; কিন্তু এ অবয়ব কি নিছক রাজনৈতিক কল্পনা, নাকি রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা কোনো বাস্তবতার প্রতিচ্ছবি?

প্রশ্নটি যতটা কৌতূহলোদ্দীপক, উত্তর খোঁজার প্রয়োজনীয়তা ততটাই গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে সরকার থাকে, সংসদ থাকে, সংবিধান থাকে, নির্বাচন হয়, জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে। টেলিভিশনের পর্দায় মন্ত্রীদের বক্তব্য শোনা যায়, সংবাদপত্রে সরকারি সিদ্ধান্তের খবর ছাপা হয়, সংসদে বিতর্ক চলে। সব মিলিয়ে মনে হয়, রাষ্ট্রের চালকের আসনে যারা বসে আছেন, তারাই সবকিছুর নিয়ন্ত্রক। কিন্তু দৃশ্যমান এ ক্ষমতার বাইরেও কী এমন কোনো শক্তি থাকে, যারা নেপথ্যে বসে কলকাঠি নাড়ে? সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি করে, কখনো সিদ্ধান্ত বদলে দেয়, এমনকি কখনো ক্ষমতার পালাবদলেও প্রভাব ফেলে?

রাজনীতির ভাষায় এ অদৃশ্য ক্ষমতা কাঠামোকেই বলা হয় ‘ডিপ স্টেট’, বাংলায় যার অর্থ হতে পারে ছায়া রাষ্ট্র, গভীর রাষ্ট্র কিংবা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। আর মেটিকিউলাস ডিজাইন বলতে বোঝায় অত্যন্ত সতর্ক, সূক্ষ্ম ও পরিকল্পিত নকশা। ডিপ স্টেট সাধারণত বাইরের কোনো রাষ্ট্র থেকে আমদানি করা রাজনৈতিক ব্যবস্থা নয়। এর শেকড় অনেক সময় দেশের ভেতরেই তৈরি হয়। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু প্রভাবশালী ব্যক্তি, নিরাপত্তা সংস্থার অংশবিশেষ, উচ্চপর্যায়ের আমলাতন্ত্র, অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী এবং রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহলের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ও স্বার্থের সমন্বয় ঘটলে একটি অনানুষ্ঠানিক ক্ষমতাবলয় তৈরি হতে পারে। ডিপ স্টেটের আলোচনায় মেটিকিউলাস ডিজাইন কথাটি বিশেষভাবে প্রাসঙ্গিক। এ নকশাই ক্ষমতা কাঠামোতে প্রভাব বিস্তারের সূক্ষ্ম কৌশল হিসাবে কাজ করে থাকে। এ নকশার উদ্দেশ্য সবসময় প্রকাশ্য ক্ষমতা দখল করা নয়, বরং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রভাব ধরে রাখা।

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে ‘ডিপ স্টেট’ বলতে রাষ্ট্রের দৃশ্যমান রাজনৈতিক কাঠামোর বাইরে থাকা এমন প্রভাবশালী নেটওয়ার্ক বা শক্তিকে বোঝনো হয়, যারা নীতিনির্ধারণ, ক্ষমতায় ভারসাম্য কিংবা রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারে। যদিও এ ধারণাটি আধুনিক কিন্তু ক্ষমতার আড়ালে পরিকল্পনা, গোপন সমঝোতা ও শাসক পরিবর্তনের কৌশল ইতিহাসে বহু পুরোনো। ১৭৫৭ সালে অনুষ্ঠিত পলাশীর যুদ্ধ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে সামরিক সংঘর্ষের পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্র ও স্বার্থের সমীকরণ নির্ধায়ক হয়ে উঠেছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল যুদ্ধের প্রস্তুতিই নেয়নি, বরং নবাবের সেনাপতি মীরজাফরসহ অসন্তুষ্ট প্রভাবশালী মহলের সঙ্গে গোপন সমঝোতা গড়ে তুলেছিল। কোম্পানির লক্ষ্য ছিল নিজেদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থরক্ষার অনুকূল শাসক নির্বাচন করা। তাই পলাশীর যুদ্ধে মীরজাফরের নিষ্ক্রিয়তা নবাব বাহিনীর পরাজয়কে ত্বরান্বিত করে। যুদ্ধের ফল শুধু একজন নবাবের পতন ছিল না, এটি বাংলার রাজনৈতিক স্বাধীনতার ক্রমাবসান এবং ব্রিটিশ ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার পথকে সুগম করে। পলাশীর এ ঘটনাকে আধুনিক রাজনৈতিক ভাষায় বিশ্লেষণ করলে একে ‘মেটিকিউলাস ডিজাইন’ বা সূক্ষ্মভাবে পরিকল্পিত ক্ষমতা পরিবর্তনের নকশা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। অর্থাৎ প্রকাশ্য সংঘর্ষের আগেই প্রতিপক্ষের ভেতরে বিভাজন সৃষ্টি, স্বার্থান্বেষী গোষ্ঠীকে একত্র করে কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। যদিও সেই সময় ‘ডিপ স্টেট’ ধারণাটি ছিল না, কিন্তু নেপথ্যে থেকে ক্ষমতার ভাগ্য নির্ধারণের কৌশলটি কার্যত বিদ্যমান ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন