একসময় দেশের অন্যতম বৃহৎ পাদুকা উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত ছিল কিশোরগঞ্জের ভৈরব। ছোট-বড় হাজারো কারখানায় তৈরি হতো নানা ধরনের জুতা ও স্যান্ডেল। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছিল কয়েক হাজার মানুষের। দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হতো এখানকার তৈরি পাদুকা। তবে সময়ের সঙ্গে বদলেছে ব্যবসার পরিস্থিতি।
ব্যবসায়ীরা বলছেন, পাদুকা তৈরির কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ। অথচ বাড়েনি তৈরি পাদুকার বিক্রয়মূল্য। এর সঙ্গে যুক্ত হয়েছে পুঁজি সংকট ও ক্রেতাদের চাহিদা কমে যাওয়া। ফলে উৎপাদন কমিয়ে দিয়েছেন অনেক ব্যবসায়ী, বন্ধ হয়ে গেছে বেশ কিছু কারখানা। এতে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক।
উপকরণের দাম বাড়লেও বাড়েনি পাদুকার দাম
ভৈরবের পাদুকা শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুতা তৈরির অন্যতম উপকরণ চামড়া, রেক্সিন, ফোম, হিল, কভার, পেস্টিং, সুতা, বোতাম ও সলিউশনের দাম গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোনো কোনো উপকরণের দাম দ্বিগুণ হয়েছে।
ফলে আগের তুলনায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। কিন্তু বাজারে তৈরি পাদুকার দাম সে অনুপাতে বাড়ানো সম্ভব হচ্ছে না। এতে কমে যাচ্ছে ব্যবসায়ীদের লাভের পরিমাণ।