নওগাঁর মহাদেবপুরে ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আধুনিক স্টিল সাইলো নির্মাণের জন্য কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল ১৫ একর আবাদি জমি। মাটি ভরাট করে জমি প্রস্তুতও করা হয়। কিন্তু আড়াই বছর পার হলেও শুরু হয়নি মূল নির্মাণকাজ। শেষ পর্যন্ত প্রকল্পটি অসমাপ্ত রেখে সমাপ্ত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাইলোর পরিবর্তে সেখানে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
এতে সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে, কৃষকের কাছ থেকে অধিগ্রহণ করা ১৫ একর জমির ভবিষ্যৎ কী? যে জমিতে একসময় ধান, আলুসহ বিভিন্ন ফসল উৎপাদন হতো, সেখানে এখন সবুজ ঘাস ছাড়া কিছুই নেই। নতুন করে সিএসডি নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও কবে নাগাদ কাজ শুরু হবে, তা নিশ্চিত নয়। ফলে সরকারি পরিকল্পনার ভুলের কারণে কৃষিজমি হারিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছেন জমির মালিকরা।
পরিকল্পনা কমিশনের সাম্প্রতিক এক সভায় নওগাঁর মহাদেবপুরে ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার স্টিল সাইলো নির্মাণ প্রকল্পটি অসমাপ্ত রেখে সমাপ্ত ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সাইলোর পরিবর্তে সেখানে সিএসডি নির্মাণের জন্য দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন করে নতুন প্রকল্প প্রস্তাব তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।