বাড়ি গোপালগঞ্জে, ভোটারও সেখানকার, তবে সেখানে থাকেন না, এমন কারও কারও মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস), অর্থাৎ বিকাশ, নগদ, রকেট ইত্যাদি বন্ধ হয়ে গেছে।
গ্রাহকেরা জানিয়েছেন, তাঁদের মুঠোফোনে সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার বার্তা পাঠিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান। সেবা বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।
ভুক্তভোগীদের মধ্যে একজন নারী ঢাকায় একটি সুপরিচিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, তিনি দুটি কোম্পানির সেবা ব্যবহার করেন। একটি থেকে তাঁকে এই বলে বার্তা দেওয়া হয়েছে যে ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার অঞ্চলে সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত’।