বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থল সীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে।
বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত এই নেতারা নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দুটি আন্তর্জাতিক স্থল সীমান্তে গিয়েছিলেন। প্রথমে, গত রোববার ২২শে নভেম্বর পেট্রাপোল অঞ্চলে এবং বুধবার ২৫শে নভেম্বর তারা আগরতলার কাছে আখউড়া সীমান্তে যান।
তাদের দাবি, দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ই ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার প্রেক্ষিতে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছেন তার দলীয় নেতৃত্ব। এরই অংশ হিসেবে তারা সীমান্ত-সংলগ্ন এলাকায় এসব সফর করছেন।
তবে তারা জানাচ্ছেন, কোন পরিকল্পনাটা চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত তাদের নেত্রীই নেবেন।
এছাড়াও ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলির নেতাদের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে বলে জানতে পেরেছে বিবিসি।