ধোঁয়ায় ঢেকে যাচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম। ঢাকার পশ্চিমে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এই গ্রামে কৃষিজমি ও বসতির পাশে রয়েছে তানভির এন্টারপ্রাইজ।
এই রিসাইক্লিং কারখানায় বাতিল ব্যাটারি থেকে সিসা আলাদা করা হয়। এখানকার চিমনি থেকে বের হওয়া ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে।
শহর-মফস্বলে যাত্রী বহন করে যে ব্যাটারি রিকশা ও ইজিবাইক, তার ব্যাটারির ব্যবহার একসময় শেষ হয়। কিন্তু ব্যাটারির ব্যবসা শেষ হয় না।পুরনো ব্যাটারি বিক্রি হয়, খোলস ভাঙা হয়, ভেতরের উপাদান আলাদা করা হয়। উদ্ধার করা সিসা আবার পণ্য হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় সৃষ্ট ধোঁয়া ও বর্জ্য নিয়েই চারিগ্রামের মানুষের অভিযোগ।
স্থানীয় দেড়শ শতাধিক মানুষ কারখানার ধোঁয়া বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
তাদের অভিযোগ, ধোঁয়ায় গলা ও চোখ জ্বলে, কাশি হয়, বমিভাব ও পেটব্যথায় ভোগেন অনেকে। কৃষকের অভিযোগ, তাদের ফলন কমছে; গবাদি পশুর অসুস্থতা ও মৃত্যুর ঘটনাও আছে।
কারখানার ব্যবস্থাপক মো. হাবিব বলছেন, তারা নিয়ম মেনেই কারখানা চালাচ্ছেন।