You have reached your daily news limit

Please log in to continue


এমএলএস থেকে বিদায় মেসির মায়ামির

পুরো মৌসুমে ৮০ গোল করে মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের স্বীকৃতি পেয়েছিল ইন্টার মায়ামি। অথচ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমে সেই দলের গোলের খাতা খুলল না একবারও! প্লে-অফের প্রথম ম্যাচে তিন গোল হজমের পর দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য লিওনেল মেসির দল। এবার শেষ মুহূর্তের গোলে কলম্বাস ক্রুর কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেল তাদের। টানা দুই হারে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ওহাইওর স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ের পর যোগ করা দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন সান্তিয়াগো রদ্রিগেস। তার গোলেই ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠেছে কলম্বাস।

তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতলেই পরের রাউন্ডে ওঠার নিয়ম। গত শনিবার মায়ামির মাঠে প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছিল কলম্বাস। ফলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না মেসিদের। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসের দল।

বরং প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও গোল করতে ব্যর্থ হয়েছেন মেসিরা। শেষ পর্যন্ত দুই ম্যাচ মিলিয়ে চার গোল হজম করে এবং একটিও গোল না করে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন