২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ। কলেজগুলো হলো—রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ।
নতুন এই তিনটি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির হালনাগাদকৃত চূড়ান্ত আসন তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদ সংক্রান্ত সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ৫০টি করে মোট ১০০টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছিল।