You have reached your daily news limit

Please log in to continue


ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

ভেজাল ও প্রতারণায় আমাদের পণ্যবাজার সয়লাব। ভোক্তা অধিকার ক্ষুণ্ন হচ্ছে প্রবলভাবে! এসব দেখভাল করার জন্য রয়েছে সরকারি একাধিক প্রতিষ্ঠান। মাঝেমধ্যে প্রতিষ্ঠানগুলো বাজার তদারকি করে। অসাধু ও প্রতারক ব্যবসায়ীদের নিয়মভঙ্গের দায়ে আইনের ধারা অনুযায়ী জরিমানাও করে। তবে তদারকি অতটুকু পর্যন্তই সীমাবদ্ধ। অনৈতিক কর্মকাণ্ড এবং প্রতারণার শাস্তি হিসেবে দেশের কোনো ব্যবসায়ী বা বিক্রেতাকে কারাবাস করতে হয়েছে তেমন নজির চোখে পড়ে না।

যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এ অপরাধীর সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান আছে। আইনে বলা আছে, কোনো ব্যক্তি কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোনো কাজ করলে তিনি অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ড, বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

গত ২৪ নভেম্বর জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেছেন। বৈঠকে নিরাপদ খাদ্য আইন সংশোধন করে গুরুতর অনিয়মের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাব তুলে ধরেছে খাদ্য মন্ত্রণালয়।

জনগণের করের টাকায় সরকার রাষ্ট্র পরিচালনা করে; আয় করে, ব্যয়ও করে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সেবা দেবেন, এটা ভোক্তা বা ক্রেতার ন্যায্য অধিকার। কিন্তু সে সেবা আন্তরিকতাশূন্য, কখনো কখনো তা অসহযোগিতামূলক। সরকারের দায়িত্বে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সে কাজ অনেকটা দায়সারা গোছের। ভোক্তা বা ক্রেতার অধিকারের জায়গাটা আমাদের দেশে শূন্যই বলা চলে!

ক্রেতা ঠকছেন, প্রতারিত হচ্ছেন। অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ক্রেতা লাঞ্ছিত হচ্ছেন, বুলিংয়ের শিকার হচ্ছেন। কখনো কখনো জীবন ঝুঁকিতে পড়ছেন ভোক্তা। অধিদপ্তরের হটলাইনে অভিযোগ করে কাজে কাজ হয় না; ক্রেতা বা ভোক্তার স্বার্থরক্ষার কোনো সুরাহা হয় না।

দেশে ভোক্তা বা ক্রেতাদের অধিকার এবং স্বার্থরক্ষায় একাধিক দপ্তর রয়েছে। এসব দপ্তরের কার্যক্রম দেশজুড়ে, জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত। ভোগ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ে কারচুপি, প্রতারণা ও ভেজাল প্রতিরোধে প্রধানত দেশের ৩টি প্রতিষ্ঠান নিয়োজিত। সরকারি এসব প্রতিষ্ঠান হলো—বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ভেজাল পণ্য নিয়ন্ত্রণ ও মান নিরাপদ করতে বিএসটিআইয়ে ২০২৬ সালের জানুয়ারি অবধি বাধ্যতামূলক পণ্য তালিকায় নতুন ২০টি পণ্য যুক্ত হয়। বর্তমানে বাধ্যতামূলক ৩৩৫টি পণ্য নিয়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। অন্যদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যাত্রা ২০১০ সালের ৬ এপ্রিল থেকে, আর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কাজ শুরু করে।

জীবনের জন্য প্রয়োজনীয় সব পণ্যের মান নিশ্চিতকরণ এবং পণ্য ভেজালমুক্ত ও নিরাপদ করতে এসব দপ্তর সারা দেশে কাজ করলেও আমাদের যাপিত জীবন চিন্তামুক্ত হতে পারছে না। ৪১ বছর ধরে এসব সরকারি দপ্তরের স্ফীতি বেড়েছে, অথচ কমছে না ভেজালের দৌরাত্ম্য; নিরাপদ হচ্ছে না আমাদের সামাজিক জীবন। এর কারণ কী?

মূল কারণ হলো, এসব প্রতিষ্ঠানের সমন্বিত ব্যবস্থাপনা ও সম্মিলিত উদ্যোগ নেই। নেই এসব প্রতিষ্ঠানের পর্যাপ্ত মিডিয়া প্রচার কিংবা নিয়মিত বাজার তদারকি। যখন সরকারপ্রধান কিংবা প্রভাবশালী প্রশাসক নড়েচড়ে বসেন, তখন শুরু হয় বাজার তদারকির তোড়জোড়! একসময় তদারকিরা থেমে যান—কখনো রাজনৈতিক চাপে, কখনো বা অসাধু ব্যবসায়ীর সঙ্গে লেনদেনের দফারফায়।

কিছুদিন আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি ঘোষণা দিয়ে বলল, ফুটপাতের খাদ্য বিক্রেতাকেও তাদের কাছ থেকে অনুমোদন (লাইসেন্স) নিতে হবে। কীভাবে এটা করা হবে, তার কোনো প্রচার নেই! যদিও ফুটপাত ও জনচলাচলে ব্যবহৃত সড়কে দোকান বসানো ও পণ্য বিক্রির কোনো আইনগত বৈধতা নেই! তাহলে তা কি কেবল সরকারের রাজস্ব বাড়ানোর সিদ্ধান্ত?

হালে বেশ পরিচিত নাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাম্প্রতিককালে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকেরই গোচরে এসেছে। গুরুপাপে কখনো কখনো ব্যবসা বন্ধ করার আদেশ দেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, পরে একই ভুল ও অন্যায় বিক্রেতা ও ব্যবসায়ীরা আবার করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন