একটি মেয়ের বয়স সবে ষোলো। পড়াশোনায় মোটামুটি ভালো। তার চোখে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা। কিন্তু একদিন হঠাৎ পরিবারের সিদ্ধান্ত—‘ভালো সম্বন্ধ’ এসেছে, মেয়েটিকে বিয়ে দিতে হবে। মেয়েটি হয়তো চুপ করে থাকে। প্রতিবাদ করার ভাষা তার নেই, পরিবারের সিদ্ধান্ত অমান্য করার সাহসও নেই। কয়েক দিনের মধ্যেই স্কুলের খাতা বন্ধ হয়ে যায়, বইগুলো আলমারিতে উঠে যায়, আর তার শৈশবের দরজাটি নিঃশব্দে বন্ধ হয়ে যায়।
এই গল্প বাংলাদেশের কোনো এক গ্রামের নয়। এমন গল্প দেশের বহু পরিবারে এখনো লেখা হচ্ছে।
প্রশ্ন হলো, এত আইন, এত প্রচার, এত কর্মসূচি, এত সভা-সেমিনারের পরও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না কেন?
বাংলাদেশে বাল্যবিবাহের বিরুদ্ধে আইন আছে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে বিবাহের ক্ষেত্রে ২১ বছরের কম বয়সী পুরুষ এবং ১৮ বছরের কম বয়সী নারীকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ ১৮ বছরের আগে মেয়ের বিয়ে আইনত বাল্যবিবাহ। আইনে বাল্যবিবাহের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের জন্য শাস্তির বিধানও রয়েছে। এমনকি বাল্যবিবাহ নিবন্ধন করা বিবাহ নিবন্ধকের জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে। তবু বাস্তবতা অন্য কথা বলে।
বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০২৫ সালের একাধিক নির্দেশক গুচ্ছ জরিপের হিসাবে, ২০–২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। ১৫–১৯ বছর বয়সী মেয়েদের ৩৮ দশমিক ৯ শতাংশ তখনও বিবাহিত। অর্থাৎ কিছুটা অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু সমস্যাটি এখনো ভয়াবহ রকম বড়।
২০১৯ সালের জরিপে ১৮ বছরের আগে বিয়ে হয়েছিল ৫১ দশমিক ৪ শতাংশ তরুণীর। ২০২৫ সালে তা কমে ৪৭ দশমিক ২ শতাংশ হয়েছে। ছয় বছরে চার শতাংশের সামান্য বেশি কমেছে। অগ্রগতি আছে, কিন্তু যে গতিতে এগোলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব, সেই গতি যথেষ্ট নয়।