শীত থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় কী? অনেক উত্তর হয়তো পাওয়া যাবে এই প্রশ্নের। কিন্তু সহজ উপায়ের কথা আসলে চট করে বলে ফেলা যায়, পা গরম রাখতে হবে। হ্যাঁ, পা গরম রাখা শীত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ উপায়গুলোর অন্যতম। সে জন্য আমরা মোজা পরি, জুতা পরি বা ন্যূনতম পা ঢেকে রাখার চেষ্টা করি।
প্রশ্ন হলো, শীতকালে পা ঠান্ডা হয় কেন? এর উত্তরটাও সহজ। শীতে সোয়েটার, শাল কিংবা জ্যাকেট পরি আমরা। এতে শরীরের ওপরের অংশ গরম থাকলেও হাত ও পায়ের পাতা কিছুতেই গরম হতে চায় না। এর কারণ হলো, শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে হাত-পায়ের রক্তনালি কিছুটা সংকুচিত হয়ে আসে। ফলে পা ঠান্ডা হয়ে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা হিসেবে দেখা দেয়। তবে প্রতিদিনের অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন আনলেই কনকনে শীতেও পা রাখা যায় একদম গরম, সুস্থ ও আরামদায়ক।
যা করতে পারেন
সঠিক মোজা বেছে নিন
শীতে পা গরম রাখার সহজ ও কার্যকর উপায় হলো সঠিক মোজা নির্বাচন করা। অনেকেই সারা বছর সুতির মোজা পরেন, কিন্তু শীতে সুতির মোজা পায়ের ঘাম শুষে নিয়ে উল্টো পা আরও ঠান্ডা করে দেয়। এর বদলে শীতে উলের বা থার্মাল মোজা বেছে নিন। এগুলো শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, মোজার ইলাস্টিক যেন খুব বেশি আঁটসাঁট না হয়। কারণ, অতিরিক্ত টাইট মোজা পায়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে।
ঘরের ভেতরেও স্লিপার পরুন
শীতকালে মাটি তো ঠান্ডা থাকেই, সঙ্গে ঘরের টাইলস, মোজাইক বা মার্বেলের মেঝে ঠান্ডা হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে মেঝেতে পা রাখলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায় এবং ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই ঘরের ভেতরে সব সময় আরামদায়ক ও মোটা সোলের স্লিপার পরার অভ্যাস করুন।
কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখুন
সারা দিনের কাজ শেষে বাড়ি ফিরে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০ থেকে ১৫ মিনিট কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখুন। পানিতে সামান্য লবণ বা কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে পায়ের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হয়। এতে পা দীর্ঘক্ষণ গরম থাকে এবং রাতে ঘুমও খুব ভালো হয়। তবে পানি যেন অতিরিক্ত গরম না হয়, সেদিকে খেয়াল রাখুন।