শীতের আমেজ শুরু হতে না হতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় সর্দি-কাশি বা জ্বর লেগে থাকে। ঠিক এই সময়টাতেই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। আর এ কাজে দারুণ সঙ্গী হতে পারে সজনে ডাঁটার স্যুপ।
বাঙালির রান্নাঘরে সজনে ডাঁটা নতুন কিছু নয়; শুক্তো থেকে শুরু করে ঝাল-ঝোলে এর চিরচেনা উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে নিয়মিত সজনে ডাঁটার স্যুপ খেলে শরীর ভেতর থেকে শক্তিশালী হয়। সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন এটি পাতে রাখতে পারলে বেশ ভালো সুফল মেলে।
পুষ্টিগুণের দিক থেকে সজনেডাঁটা বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, আয়রন ও ফোলেট। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট ও আঁশ।
কেন খাবেন সজনে ডাঁটার স্যুপ?
রক্তস্বল্পতা দূর করতে: সজনে ডাঁটার সঙ্গে সজনেপাতা মিশিয়ে স্যুপ তৈরি করলে শরীরে আয়রন ও ফোলেটের জোগান বাড়ে। যাদের হিমোগ্লোবিন কম বা রক্তস্বল্পতার সমস্যা রয়েছে, তাদের জন্য এটি বেশ উপকারী। এতে প্রোটিন ও আঁশও পাওয়া যায়।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে: সজনে ডাঁটায় থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দেয় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরিবেশনের আগে গরম স্যুপে সামান্য লেবুর রস চিপে নিলে স্বাদ বাড়ার পাশাপাশি ভিটামিন সি-র মাত্রাও বাড়ে।
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে: শীতের দিনে তৃষ্ণা কম পাওয়ায় অনেকে পর্যাপ্ত পানি পান করেন না। ফলে ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। নিয়মিত সজনে ডাঁটার স্যুপ শরীরের পানিশূন্যতা কিছুটা হলেও পূরণ করে। এর ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে এবং অকালবার্ধক্যের ছাপ কমাতে সহায়তা করে।