বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তার এ মন্তব্যের পর এই প্রশ্ন সামনে আসছে যে বিদেশের মাটিতে কোনো দূতাবাস বা মিশন নিজ দেশের নাগরিককে গ্রেফতার করতে পারে কি-না।
কূটনৈতিক সুবিধার আওতায় দূতাবাস বা মিশন কিছু শর্তসাপেক্ষে অনেকটা সার্বভৌম সুবিধা ভোগ করলেও সেখানে কাউকে আটকে রাখা বা বন্দী করে রাখার সুযোগ আছে কি-না, সেই আলোচনাও সামনে আসছে।
আবার বিদেশের মাটিতে দূতাবাসের কর্মীরা কাউকে আটক করে রাখলেও স্বাগতিক দেশ বা হোস্ট কান্ট্রির সহায়তা ছাড়া তাকে নিজ দেশে আনা আদৌ সম্ভব কি-না, সেই প্রশ্নও অনেকে করছেন।
সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমান বলছেন, স্বাগতিক দেশের অনুমোদন ও সহায়তা ছাড়া এটি অসম্ভব, কারণ কাউকে আটক করে আনতে হলে সংশ্লিষ্ট দেশের পুলিশী সহায়তা প্রয়োজন হবে।