আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নির্দলীয় প্রতীকে হলেও এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন। সংলাপে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা, সহিংসতা এড়ানো ও আচরণবিধি মেনে চলতে দলগুলোর সহযোগিতা চাইবে ইসি।
তবে নির্দলীয় নির্বাচনে দলগুলোর প্রার্থী মনোনয়ন ও সমর্থনের সুযোগ নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ দলগুলোর হস্তক্ষেপ বন্ধের পক্ষে, আবার কারও মতে, আইনে স্পষ্ট বিধান না থাকায় এ বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজকের পত্রিকাকে বলেন, দলীয় প্রতীক না থাকলেও বাস্তবে রাজনৈতিক দলগুলোকে আলাদা করা যাবে না। কারণ, প্রার্থীরা কমবেশি কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত। এ কারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চায় কমিশন।