উদ্বোধনের চার বছরে পুরোদমে সেবায় আসতে পারেনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল। এর মধ্যে আগামী জানুয়ারি থেকে পুরোপুরি চালু করতে ১ হাজার ৪১০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নতুন করে অর্থ চাওয়ার ব্যাখ্যায় হাসপাতালের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মূলত সংস্কার আর পরিচালন ব্যয়ের কথা সামনে এনেছেন।
হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা একজন বলেন, এই টাকা আসবে কি না, তা এখনও নিশ্চিন নয়।
তার ভাষায়, ‘‘আমরা চেয়েছি, আর সরকার বরাদ্দ দিয়ে দেবে এমন নয়। বরং যতটা চাওয়া হয়, তার অনেক কম পাওয়া যায়। তাই কিছুটা বাড়িয়ে বলা হয়েছে। তবে হাসপাতাল পুরোপুরি চালুর জন্য অনেক টাকা আসলেই প্রয়োজন।’’
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘‘হাসপাতালের সব কিছু যাচাই, মূল্যায়নের জন্য বুয়েটের পাঁচটি বিভাগের সমন্বয়ে একটি টিম কাজ করছে। যারা এ কাজের জন্য ৭ কোটির টাকার বেশি চেয়েছিল। পরে তাদের উপাচার্যের সঙ্গে দীর্ঘ আলোচনা করে পাঁচ কোটির একটু বেশি টাকায় এই কাজ সম্পন্ন হচ্ছে। তারা পুরো হাসপাতালের সব কিছু মূল্যায়নে এক মাস সময় চেয়েছে।’’
গত সোমবার স্বাস্থ্যমন্ত্রীর কাছে বরাদ্দের যৌক্তিকতার তথ্য সম্বলিত আবেদন হস্তান্তর করেছে ‘করপোরেট মডেলের’ এই হাসপাতালের কর্তকর্তারা।