You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির জন্য কী ঝুঁকি তৈরি করছে

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই উদ্যোগের পক্ষে ওয়াশিংটনের যুক্তি হলো, বাংলাদেশের শিল্পনীতি, রপ্তানি প্রণোদনা, উৎপাদন সক্ষমতা ও শ্রমমান আন্তর্জাতিক প্রতিযোগিতাকে প্রভাবিত করছে এবং মার্কিন উৎপাদকদের অসুবিধায় ফেলছে। তবে এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বাংলাদেশের শিল্প সম্প্রসারণ ও রপ্তানি প্রবৃদ্ধি মূলত দেশের উন্নয়নের কৌশল, তুলনামূলক সুবিধা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অংশগ্রহণের ফল। রপ্তানি প্রণোদনা কিংবা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করলেই তা অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ হয়ে যায় না। একটি উন্নয়নশীল দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে একটি শিল্পোন্নত দেশের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্যতা এবং নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার নীতির সঙ্গেও সাংঘর্ষিক কি না, সে প্রশ্ন তৈরি করে।

যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বিশ্ববাণিজ্যে একতরফা এবং নীতিবিরোধী পদক্ষেপের প্রবণতাকে আরও স্পষ্ট করেছে। এর ফলে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। শুল্কনীতির ঘন ঘন পরিবর্তন রপ্তানিকারক, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এ ধরনের অনিশ্চয়তা বিশেষভাবে ব্যয়বহুল; কারণ, আকস্মিক বাণিজ্যনীতির পরিবর্তন মোকাবিলার সক্ষমতা তাদের তুলনামূলকভাবে সীমিত।

প্রস্তাবিত শুল্ক বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। মার্কিন বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা ২০২৪ সালের ৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। ২০২৫ সালে এই রপ্তানির মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ছিল প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন ডলার।

এ পরিসংখ্যান দুই দেশের বাণিজ্যে পোশাক খাতের গুরুত্ব স্পষ্ট করে। উচ্চ শুল্কের ফলে মার্কিন আমদানিকারকদের জন্য বাংলাদেশি পণ্যের ব্যয় বাড়তে পারে এবং তাঁরা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহে উৎসাহিত হতে পারেন। অন্যদিকে মার্কিন ক্রেতারা অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে বাংলাদেশি রপ্তানিকারকদের কাছ থেকে পণ্যের দাম কমানোর দাবি জানাতে পারেন। এতে রপ্তানিকারকদের মুনাফা ও বিনিয়োগের সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর প্রভাব শুধু রপ্তানি আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তৈরি পোশাকশিল্পে লাখ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এ খাতের সঙ্গে পরিবহন, প্যাকেজিং, সরবরাহ, ব্যাংকিংসহ বহু সহযোগী শিল্প ও সেবা খাত জড়িত। রপ্তানি আদেশ কমে গেলে উৎপাদন, কর্মসংস্থান ও পারিবারিক আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনের ওপরও চাপ সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি শুধু পোশাক রপ্তানিকারকদের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গেও সম্পর্কিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন