রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় একটি ঐতিহাসিক ঘটনা। ২০২৬ সালের ১৯ নভেম্বর আদালত রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি প্রতিষ্ঠা করেছেন। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের বেদনা ও ন্যায়বিচারের দাবিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে চালানো হত্যাযজ্ঞ যে মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ, তা আবারও স্পষ্ট হয়েছে।
তবে এই রায় আমাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্নও তুলে ধরেছে। অন্যের গণহত্যার বিচারের দাবিতে আমরা যতটা সোচ্চার, নিজেদের ইতিহাসের গণহত্যার স্বীকৃতি আদায় এবং বিচারের প্রশ্নে আমরা কি ততটা সক্রিয়?
রোহিঙ্গাদের ওপর নির্যাতন কোনো বিচ্ছিন্ন সামরিক অভিযান ছিল না। এর অংশ ছিল হত্যা, ধর্ষণ, নির্যাতন, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জীবনধারণের পরিবেশ ধ্বংস করা। উদ্দেশ্য ছিল একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা। এই অপরাধের বিচার হওয়া দরকার। দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ এই সংকটে সরাসরি ক্ষতিগ্রস্ত। প্রাণ বাঁচাতে ১০ লাখের বেশি রোহিঙ্গা এ দেশে আশ্রয় নিয়েছে। তাদের মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশের দায়িত্বশীলতার পরিচয়। তবে শুধু আশ্রয় দিলেই দায়িত্ব শেষ হয় না। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপও অব্যাহত রাখতে হবে।
এই প্রেক্ষাপটে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার প্রসঙ্গ তোলা আবেগের তুলনা নয়। এটি ন্যায়বিচারের ধারাবাহিকতার প্রশ্ন। পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী নির্বাচনের রায় অস্বীকার করে পূর্ব পাকিস্তানের মানুষের ওপর সামরিক অভিযান চালায়। ২৫ মার্চ রাতে শুরু হয় ‘অপারেশন সার্চলাইট’। এরপর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীরা বাঙালির ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, ধর্ষণ, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালায়।
এই অপরাধে সহযোগিতা করে আলবদর, রাজাকার, আলশামসসহ বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী। তাদের লক্ষ্যবস্তু ছিল রাজনৈতিক কর্মী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সামরিক ও পুলিশ সদস্য এবং সাধারণ মানুষ। হিন্দু সম্প্রদায়কে বিশেষভাবে চিহ্নিত করে হত্যা, লুটপাট ও উচ্ছেদ করা হয়। তবে নিহতদের মধ্যে মুসলমানসহ বিভিন্ন ধর্মের বাঙালিও ছিলেন। অর্থাৎ, সামগ্রিকভাবে বাঙালি জনগোষ্ঠীই ছিল এই হত্যাযজ্ঞের শিকার। হিন্দুরা বিশেষভাবে নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
একাত্তরের হত্যাযজ্ঞ আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছিল। তখন ঢাকায় কর্মরত ছিলেন মার্কিন কূটনীতিক আর্চার ব্লাড। পাকিস্তানি বাহিনীর নৃশংসতা দেখে তিনি ওয়াশিংটনে প্রতিবাদী বার্তা পাঠান। সেটিই পরে ‘ব্লাড টেলিগ্রাম’ নামে পরিচিত হয়।
১৯৭১ সালের ৬ এপ্রিল পাঠানো সেই বার্তায় ব্লাড মার্কিন সরকারের নীরবতার সমালোচনা করেন। তার বক্তব্য ছিল, গণহত্যার মতো অপরাধ ঘটলেও যুক্তরাষ্ট্র নৈতিক প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছে। এর আগে ২৮ মার্চ পাঠানো আরেকটি বার্তায় তিনি ‘সিলেক্টিভ জেনোসাইড’ বা বেছে বেছে গণহত্যার কথা উল্লেখ করেছিলেন।
একই বছরের ১ নভেম্বর মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডির নেতৃত্বাধীন একটি কমিটির প্রতিবেদনেও পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পিত সন্ত্রাস ও গণহত্যার বিবরণ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ২৫ মার্চের রাত থেকে পূর্ব বাংলায় সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছিল। মার্কিন সরকারের মাঠপর্যায়ের প্রতিবেদন, সাংবাদিকদের প্রত্যক্ষ বিবরণ এবং আন্তর্জাতিক সংস্থার তথ্যেও এর প্রমাণ পাওয়া যায়।