রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "শিক্ষার ফল মানুষের মুক্তি।" সেই মুক্তি কেবল অজ্ঞতা থেকে নয়; বেকারত্ব, দক্ষতার ঘাটতি এবং সম্ভাবনার অপচয় থেকেও হতে হবে। শিক্ষা যদি কর্মজীবনের সঙ্গে সংযুক্ত না হয়, তবে তা ব্যক্তিগত স্বপ্ন ভেঙে দেয়, রাষ্ট্রের বিনিয়োগকেও প্রশ্নের মুখে ফেলে।
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিনটি সাধারণত একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। কালো গাউন, মাথায় টুপি, হাতে সনদ—বহু বছরের পরিশ্রমের প্রতীক হয়ে ওঠে সেই মুহূর্ত। কিন্তু সমাবর্তনের আনন্দ খুব দ্রুতই বাস্তবতার কঠিন দেওয়ালে ধাক্কা খায়। কয়েক মাস, কখনো কয়েক বছর কেটে যায় চাকরির খোঁজে। কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ডুবে থাকেন, কেউ একের পর এক সাক্ষাৎকার দিয়ে ব্যর্থ হন, কেউ আবার নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজে যুক্ত হতে বাধ্য হন। আরও অনেকে হতাশ হয়ে বিদেশমুখী হন। প্রশ্নটি তাই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—আমাদের শিক্ষাব্যবস্থা কি কর্মজীবনের জন্য মানুষ তৈরি করছে, নাকি কেবল সনদধারী তরুণের সংখ্যা বাড়াচ্ছে?
বাংলাদেশে শিক্ষার বিস্তার নিঃসন্দেহে একটি বড় অর্জন। স্বাধীনতার পর সাক্ষরতার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, নারীদের শিক্ষায় অংশগ্রহণও অনেক বেড়েছে। কিন্তু শিক্ষার পরিমাণ বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের গুণগত সম্পর্ক গড়ে ওঠেনি। ফলে একদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে শিল্প ও সেবা খাত অভিযোগ করছে—প্রয়োজনীয় দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না। এই বৈপরীত্যই আমাদের শিক্ষা ও শ্রমবাজারের মধ্যকার দুর্বল সংযোগের সবচেয়ে বড় প্রমাণ।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বিশ্বব্যাংক এবং বিভিন্ন গবেষণা দীর্ঘদিন ধরেই বলে আসছে, উন্নয়নশীল দেশগুলোর অন্যতম বড় সমস্যা হলো Skills Mismatch—অর্থাৎ শিক্ষার্থীরা যে দক্ষতা অর্জন করছে, শ্রমবাজারে তার চাহিদা তার সঙ্গে মিলছে না। বাংলাদেশেও পরিস্থিতি অনেকটাই এমন। বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী বের হলেও তাঁদের একটি বড় অংশ নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতা নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছেন না।
এই ব্যবধানের অন্যতম কারণ আমাদের শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা। অধিকাংশ ক্ষেত্রে পাঠ্যক্রম এখনো তাত্ত্বিক জ্ঞানকেন্দ্রিক। পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মুখস্থনির্ভর মূল্যায়ন, সৃজনশীল চিন্তার সীমিত সুযোগ এবং বাস্তব অভিজ্ঞতার অভাব শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য যথেষ্ট প্রস্তুত করতে পারছে না।