বাংলাদেশের কৃষিতে শীতকাল সবজি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুম। এ সময়ে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মুলা, গাজর, শিম, লাউ, মিষ্টিকুমড়া, পালংশাক, লালশাকসহ নানা ধরনের সবজি ব্যাপকভাবে উৎপাদিত হয়। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে পেয়ারা, কমলা, মাল্টা, বরই ও অন্যান্য মৌসুমি ফলের উৎপাদন ও বাজারজাতকরণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
শীতকালীন সবজি দেশের পুষ্টি নিরাপত্তা, কৃষকের কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি এবং কৃষিভিত্তিক ব্যবসার একটি বড় উৎস। কিন্তু উৎপাদন মৌসুমে বাজারে সবজির সরবরাহ বেড়ে গেলে অনেক সময় কৃষক উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম মূল্য পান। অথচ একই পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে গিয়ে কয়েক ধাপের মধ্যবর্তী ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যয়ের কারণে উল্লেখযোগ্যভাবে দাম বেড়ে যায়।
এখানে মূল সংকট শুধু কৃষিপণ্যের উৎপাদন নয়; বরং উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো ব্যবস্থাপনার দুর্বলতা। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়লেও বাজারব্যবস্থা, সংরক্ষণ, গ্রেডিং, প্যাকেজিং এবং রপ্তানিযোগ্য মান নিশ্চিত করার কাঠামো সমানভাবে উন্নত হয়নি। ফলে উৎপাদন বৃদ্ধি অনেক ক্ষেত্রেই কৃষকের আয় বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না।
দেশীয় বাজারব্যবস্থা: কৃষক ও ভোক্তার মধ্যে ব্যবধান, বাংলাদেশের শীতকালীন সবজির বাজার মূলত কৃষক, স্থানীয় ফড়িয়া, আড়তদার, পাইকার, পরিবহনকারী এবং খুচরা বিক্রেতাদের সমন্বয়ে পরিচালিত হয়। এই সরবরাহব্যবস্থায় মধ্যবর্তী ব্যবসায়ীদের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।
তারা কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ, পরিবহন, বাজারে সরবরাহ এবং বিক্রির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে সমস্যা দেখা দেয় যখন বাজারে কৃষকের সরাসরি প্রবেশাধিকার সীমিত থাকে এবং পণ্যের মূল্য নির্ধারণে কৃষকের ভূমিকা দুর্বল হয়ে পড়ে। অনেক কৃষক দ্রুত পণ্য বিক্রি করতে বাধ্য হন।
বিশেষ করে পচনশীল সবজি সংরক্ষণের সুযোগ না থাকায় কৃষকের দর-কষাকষির ক্ষমতা কমে যায়। কৃষক যখন ক্ষেত থেকে ফুলকপি বা বাঁধাকপি বিক্রি করেন, তখন দাম কম থাকলেও পণ্য ধরে রাখার সুযোগ থাকে না। অন্যদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকলে ভোক্তাকে বেশি মূল্য দিতে হয়। এই পরিস্থিতি প্রমাণ করে, উৎপাদন ও বাজারের মধ্যে কার্যকর সমন্বয় না থাকলে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হতে পারেন।