সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। অন্যদিকে, লোহিত সাগর উপকূলের জেদ্দা বন্দরের কাছে একটি হুথি ড্রোন ধ্বংস করার দাবি করেছে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
ইয়েমেনের একটি বন্দরে সৌদি হামলার জবাবে হুথিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারন করেছে।
এদিকে, দুবাইয়ের ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় একটি বিস্ফোরণের খবর পেয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, জেদ্দা এবং জাজান বন্দরে তাদের চালানো হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদাইদাহ বন্দরে হামলা চালানোর কথা জানিয়েছিল।