You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে।

গত মার্চ মাস থেকে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। এ তালিকায় ইউরোপীয় ইউনিয়নও রয়েছে।

তদন্তে যে বিষয়টি খতিয়ে দেখা হয়, তা হলো সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং সে কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না।

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প খাত নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন