You have reached your daily news limit

Please log in to continue


সুইজারল্যান্ডের যে উপত্যকায় মানুষ থাকে পাথরের গুহায়

সুইজারল্যান্ড বলতেই চোখের সামনে ভাসে বরফাবৃত আল্পস পর্বতমালা কিংবা ছবির মতো সাজানো আলপাইন গ্রাম। তবে দেশটির দক্ষিণাঞ্চলের তিসিনো ক্যানটনে রয়েছে এমন এক গিরিখাত, যেখানে শত শত বছর ধরে মানুষ বাস করেছে বিশালাকার পাথরের নিচে গুহার মতো আস্তানা বানিয়ে। মাত্র কয়েক শ মিটার প্রস্থ ও ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দুর্গম এই এলাকার নাম বাভোনা উপত্যকা। খাড়া পাহাড়ের গায়ে যেখানে রাস্তা এসে হঠাৎ থেমে যায়, আল্পসের সেই বিপজ্জনক অঞ্চলে ছড়িয়ে থাকা দানবীয় পাথরকে কাজে লাগিয়েই মানুষ টিকে থাকার লড়াই চালিয়েছিল। বন্যা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এই উপত্যকায় বর্তমানে স্থায়ী বাসিন্দা মাত্র ১১ জন।

উপত্যকাটির প্রধান আকর্ষণ এর প্রাচীন পাথুরে আশ্রয়কেন্দ্র, স্থানীয় ভাষায় যার নাম ‘স্প্লুই’। প্রাকৃতিকভাবে পাহাড় থেকে খসে পড়া বিশাল পাথরের নিচের ফাঁকা অংশে থাকার জায়গা করা হয়েছে। সামনের অংশে ছোট ছোট পাথরের টুকরা দিয়ে দেয়াল বানিয়ে মাঝে কাঠের দরজা লাগানো হয়েছে। বাভোনা ও এর আশপাশে চার শতাধিক এমন স্প্লুইয়ের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে পুরোনোগুলো মধ্যযুগের। কোনো স্প্লুই ব্যবহার হতো পনির ও মদ সংরক্ষণে, কোনোটি রুটি বানানোর উনুন বা তাঁত রাখার কাজে। আবার কোনোটি ছিল নেকড়ে ধরার ফাঁদ। এমনকি চাষের জায়গার সংকটে বড় বড় পাথরের ওপরে মাটি তুলেও সবজিবাগান করা হতো। পরবর্তী সময়ে স্থায়ীভাবে বসবাসের জন্য মানুষ ‘রুস্তিসি’ নামের দোতলা পাথুরে বাড়ি নির্মাণ করে এবং গুহাগুলোকে গুদাম বা কাজের জায়গা হিসেবে ব্যবহার করতে শুরু করে।

শুধু পাথরের গুহাই নয়, বাভোনার মানুষের আধুনিক জীবনধারাও বেশ চমকপ্রদ। ১৯৫০-এর দশকে সুইজারল্যান্ডজুড়ে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় বাভোনার ১২টি পল্লির মধ্যে ১১টির বাসিন্দারাই ভোট দিয়ে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নিতে অস্বীকৃতি জানান। ফলে আজও সান কার্লো ছাড়া বাকি পল্লিগুলো পুরোপুরি বিদ্যুৎহীন। ১৯৮০-এর দশকে ফ্রিজের জন্য সামান্য সৌরবিদ্যুৎ আর রান্নায় গ্যাস ব্যবহারের চল শুরু হলেও ঘর গরম রাখতে অধিবাসীদের ভরসা কাঠের চুলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন