শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ে ত্বকে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা দেয় চুলকানি, ফাটা ত্বক ও ব্রণের মতো সমস্যাও। এ সময় নিয়মিত ত্বকের যত্নের পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে শীতেও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও সতেজতা ধরে রাখা সম্ভব।
ত্বক ভালো রাখতে প্রতিদিনের জীবনযাপনে যেসব অভ্যাস গড়ে তুলতে পারেন—
ঠোঁটের মৃত কোষ দূর করুন
ত্বকের যত্নে মৃত কোষ দূর করার বিষয়টি কমবেশি সবারই জানা। তবে শীতকালে মুখের ত্বকের পাশাপাশি ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন। এ সময় ঠোঁট বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। নিয়মিত ঠোঁটের মৃত কোষ দূর করলে রুক্ষতা কমে এবং ঠোঁট কোমল ও মসৃণ থাকে। এ জন্য ঠোঁট পরিষ্কারের উপযোগী স্ক্রাব ব্যবহার করতে পারেন। চাইলে মুখের ত্বক পরিষ্কারের স্ক্রাবও ব্যবহার করা যায়। তবে ঠোঁটের ত্বক সংবেদনশীল হওয়ায় খুব আলতোভাবে পরিষ্কার করতে হবে।
অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খান
ত্বক সুস্থ রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। খাদ্যতালিকায় অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখুন। এসব উপাদান শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় সহায়তা করে। ডালিম, পালংশাক, ব্লুবেরি, স্ট্রবেরি ও ডার্ক চকলেটে অ্যান্টি–অক্সিডেন্ট রয়েছে। তাই প্রতিদিনের খাবারে ফল ও শাকসবজি রাখার চেষ্টা করুন।