গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা লেখেন নাহিদ ইসলাম।
পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।