সারাদেশে ছয় মাসের মধ্যে চার দফা টিকা কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের দাবি অনুযায়ী নিয়মিত টিকাদান চলতে থাকলেও হামে মৃত্যু ও সংক্রমণ থামছে না।
সরকারের হিসাব বলছে, অগাস্ট মাস থেকে সংক্রমণ বাড়ার পর সেপ্টেম্বর থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হয়, তাতেও মৃত্যু ও সংক্রমণও কমেনি।
তাহলে টিকা কাজ করছে না? সব শিশু পূর্ণ ডোজ টিকা পাচ্ছে না? টিকার মান ঠিক আছে তো? টিকা নিয়ে সরকারের তরফে যে তথ্য দেওয়া হচ্ছে, তারইবা সত্যতা কী?
এমন নানা প্রশ্ন এসেছে বিশেষজ্ঞদের তরফে। তারা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে এক সময় দেশের সবাই হামে আক্রান্ত হতে পারে।
বিশেষজ্ঞদের দাবি, টিকাদান যে সঠিকভাবে হয়নি, সেটি সংক্রমণের হার দেখে বোঝা যাচ্ছে। তাই, টিকাদান কার্যক্রম নিয়ে গবেষণা এবং টিকার মান সুক্ষ্মভাবে যাচাইয়ে পরামর্শ দিয়েছেন তারা।