You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা—নথি ফাঁস

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের (Rosstat) গোপন তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। আত্মহত্যার এসব ঘটনা রুশ সামরিক বাহিনীর ভেতরে দীর্ঘস্থায়ী যুদ্ধ, কঠোর শৃঙ্খলা, মানসিক চাপ ও মনোবল ভেঙে পড়ার চিত্র তুলে ধরেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের একটি তথ্যভান্ডার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বেলারুশের সরকারবিরোধী হ্যাকিং গ্রুপ সাইবার পার্টিজানস এবং ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো ওই তথ্য সংগ্রহ করে। রাশিয়ার সরকার সামরিক বাহিনীর আত্মহত্যা কিংবা যুদ্ধে হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে না। এসব তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত।

তথ্যভান্ডারে আরও ৮৮৫ জন সেনার মৃত্যুর কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের আঘাত উল্লেখ করা হয়েছে, তবে সেগুলো আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নির্দিষ্ট করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এসব মৃত্যুর অনেকগুলো আত্মহত্যার ঘটনা আড়াল করার জন্য ভিন্নভাবে নথিভুক্ত হয়ে থাকতে পারে। সব মিলিয়ে যুদ্ধে আত্মহত্যায় প্রাণ হারানো সেনার সংখ্যা একটি রুশ সামরিক রেজিমেন্টের সমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন