কূটনৈতিক আলোচনা, নীতিনির্ধারণী বিতর্ক ও বৈশ্বিক সহযোগিতার বার্তা নিয়ে শেষ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) তিন দিনব্যাপী ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর। গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার বিইউএফটির স্থায়ী ক্যাম্পাসে এ সম্মেলন শেষ হয়। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (বিইউএফটিমুনা)।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বিভক্তি ও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে সার্বভৌমত্ব, সংহতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পুনর্গঠন’। এতে বিভিন্ন কমিটির প্রতিনিধিরা আন্তর্জাতিক নানা ইস্যুতে কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি ও নীতিনির্ধারণী বিতর্কে অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোটেল আমিরস অ্যান্ড রেসিডেন্স ও তোসি নিট ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।