পছন্দের প্রাইভেট কার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল
যৌতুক হিসেবে চেয়েছিলেন মারুতি ব্রেজা, কনে পক্ষ জোগাড় করতে পেরেছিল হুন্দাইয়ের প্রাইভেট কার। সেই গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বর ভারতের দিল্লি পুলিশের কনস্টেবল কুলদীপের বিরুদ্ধে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে স্বর্ণালংকারসহ আরও বেশকিছু যৌতুক নেওয়ার কথা জানা গেছে। এ ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাঁকে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০ নভেম্বর বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। প্রায় ছয় মাস আগে বিয়ের দিন নির্ধারণ করা হয়। বরের পরিবার সে সময় গাড়ি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দাবি করেছিল বলে জানান কনের বাবা সুভাষ কুমার।
তিনি আরও জানান, বরের জন্য প্রায় ৯ লাখ ৫০ হাজার রুপি (প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা) দামের একটি গাড়ি বুকিং দিয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের এক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন, ওই গাড়িতে সন্তুষ্ট নন কুলদীপ। তিনি প্রায় ১৩ লাখ রুপি (প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা) দামের মারুতি ব্রেজা চান। আগের গাড়ির বুকিং বাতিল করে ব্রেজা কেনার চেষ্টা করলেও বিয়ের আগে সময়মতো সেটির ব্যবস্থা করতে পারেননি তাঁরা।
এ ছাড়া বিয়ের জন্য আসবাবসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবস্থা করা হয়েছিল। শুধু আসবাব কিনতেই ১ লাখ ৩২ হাজার রুপি (প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা) খরচ হয়েছিল বলে দাবি করেছেন সুভাষ। এর মধ্যে ছিল সোফা ও আলমারি।
বরের পরিবারের অনুরোধে ১১ হাজার রুপি (প্রায় ১৫ হাজার ৪০০ টাকা) খরচ করে সাজানো ঘোড়া এবং ১৩ হাজার ৫০০ রুপি (প্রায় ১৮ হাজার ৯০০ টাকা) খরচ করে ডিজের ব্যবস্থাও করেছিলেন তিনি।
- ট্যাগ:
- জটিল
- যৌতুক দাবি
- বিয়ে ভাঙা