অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মীরা। মৃত্যুর কিছুক্ষণ পরেই তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
যে সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলেন, সেই শুটিংয়ে জয়ও ছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
মিডিয়ায় সোহেল খানের যাত্রা শুরু প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ধারাবাহিক ও একক নাটক—দুই মাধ্যমেই কাজ করেছেন।
সোহেল খানের অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা ছিল বিশেষ। অভিনেতা নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে ছিলেন কঠোর। বয়সে ছোট হলেও ফারুকীর কাছে অভিনয়ের প্রয়োজনে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে বিষয়টি নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।