প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নিতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছেন তিনি। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল।
কিন্তু আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
সফর সংক্ষিপ্ত করে তার দেশে ফেরার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ অন্যতম কারণ বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'মালয়েশিয়ার কর্মসূচিটি বাতিল করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কাজ শেষ করে দেশে ফিরছেন।'
জামায়াত আমিরের দেশে ফেরার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের কোনো সম্পর্ক রয়েছে কি না, জানতে চাইলে জুবায়ের বলেন, 'হ্যাঁ, এটাও একটা কারণ যে আমরা তার চলে আসার প্রয়োজন অনুভব করছি।'